নানা আয়োজনে কাল বর্ষাবরণ

| রবিবার , ১৪ জুন, ২০২৬ at ১০:৪৮ পূর্বাহ্ণ

শুদ্ধতার ঋতু বর্ষাকে বরণ করে নিতে বাচিক শিল্প চর্চা কেন্দ্র তারুণ্যের উচ্ছ্বাস আয়োজন করেছে বর্ষাবরণ অনুষ্ঠান। বর্ষার প্রথম দিন আগামীকাল সোমবার বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ আয়োজন। অনুষ্ঠান উদ্বোধন করবেন সংগীতশিল্পী রিয়াজ ওয়ায়েজ। অতিথি থাকবেন সংস্কৃতিজন এইচ এম রাশেদ খান, নাট্যজন সজল চৌধুরী এবং বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সহসভাপতি অনন্য বড়ুয়া। উদ্বোধনী পর্বের পর বিকেল ৫টা ৩০ মিনিট থেকে শুরু হবে সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করবে আয়োজক সংগঠন তারুণ্যের উচ্ছ্বাস। এছাড়া আবৃত্তি পরিবেশন করবেন রাজেশ্বরী চৌধুরী, শর্মিলী বণিক, সুস্মিতা দাশ, জুয়েনা আফসানা এবং তন্বী ঘোষ নন্দী। সংগীত পরিবেশন করবে মূর্চ্ছনা সঙ্গীত একাডেমি, সুরানন্দ ছোটদের সঙ্গীত জগৎ, অদিতি সঙ্গীত নিকেতন, অভ্যুদয় সঙ্গীত অঙ্গন, সুরধারা এবং উদীচী শিল্পীগোষ্ঠী। নৃত্য পরিবেশন করবে নৃত্য নিকেতন, নৃত্যরূপ একাডেমি, চারুতা নৃত্যকলা একাডেমি, নৃত্যময়ী একাডেমি, মাধুরী নৃত্যকলা একাডেমি এবং সৃষ্টি কালচারাল ইনস্টিটিউট।

ত্রিতরঙ্গ আবৃত্তি দল : ত্রিতরঙ্গ আবৃত্তি দলের উদ্যোগে আগামীকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় বর্ষাবরণ উৎসব টিআইসিতে অনুষ্ঠিত হবে। বাংলা সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ ঋতুচক্রের আবহকে উদযাপন করতে আয়োজিত এ অনুষ্ঠানে আবৃত্তি, সংগীত, নৃত্য এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হবে। বর্ষা ঋতুর সৌন্দর্য, প্রকৃতির রূপবৈচিত্র্য এবং বাঙালির ঐতিহ্যকে ধারণ করে সাজানো হয়েছে এবারের অনুষ্ঠান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজিয়াউর রহমান উৎপাদনমুখী অর্থনীতির প্রসারে ভূমিকা রেখেছিলেন
পরবর্তী নিবন্ধপ্রশিক্ষণ যত কঠিন হবে যুদ্ধ তত সহজ হবে