নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬–২৭ এর রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে বেশ কিছুদিন আগেই। গতবার প্রথম আসরে রেজিস্ট্রেশনের দিক থেকে সারাদেশের মধ্যে দ্বিতীয় স্থানে ছিল চট্টগ্রাম জেলা। এবার প্রথম থেকেই তাদের লক্ষ্য ছিল এগিয়ে যাওয়ার। সে লক্ষ্য পূরণ করে এবার জেলা ভিত্তিতে সারাদেশে এগিয়ে আছে চট্টগ্রাম জেলা। অন্যদিকে উপজেলা পর্যায়ে সারা দেশে এগিয়ে রয়েছে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলা। চট্টগ্রাম জেলার রেজিস্ট্রেশন সংখ্যা ৪৭,৫১৩ জন ও সীতাকুণ্ড উপজেলার ৭,৮৭৭ জন। গতকাল মঙ্গলবার পর্যন্ত সারাদেশে সর্বমোট রেজিস্ট্রেশন এর সংখ্যা : ৮,৩৫,৭৮১ জন। এরমধ্যে কিশোরের সংখ্যা ৫,২৩,৪২০ জন এবং কিশোরীর সংখ্যা ৩,১২,২৬১ জন। এবারের দ্বিতীয় পর্ব ২০২৬–২৭ এর রেজিস্ট্রেশন কার্যক্রমে নিজেদের টার্গেট পূরণ করে সারাদেশে এখন পর্যন্ত শীর্ষে অবস্থান করছে চট্টগ্রাম জেলা। গতবারের ৯,৫১৩ জন শিক্ষার্থীর রেজিস্ট্রেশনের বিপরীতে এবার জেলার টার্গেট ছিল প্রায় ৫ গুন অর্থাৎ ৪৪ হাজার। পূর্ব নির্ধারিত রেজিস্ট্রেশন সময়সীমার ৩১ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধির প্রথম দিন পর্যন্ত মোট ৪৭,৫১৩ জনের রেজিস্ট্রেশন সম্পন্ন করে সেই লক্ষ্যমাত্রা অতিক্রম করে সারাদেশে শীর্ষে পৌঁছে গেছে চট্টগ্রাম জেলা। চট্টগ্রামের জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী বলেন, রেজিস্ট্রেশন সময়সীমা ১০ দিন বাড়ানোর ফলে আশা করছি রেজিস্ট্রেশনে আমরা আমাদের টার্গেট অতিক্রম করে যেতে সক্ষম হবো এবং সারাদেশে রেকর্ড সৃষ্টি করতে পারব। তিনি বলেন,আজ আমরা চট্টগ্রামের প্রতিটি উপজেলা সফরের অংশ হিসেবে সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলায় প্রশাসনের সাথে সমন্বয় ও মতবিনিময় সভা সম্পন্ন করেছি। গতকাল ১ সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রাম জেলার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে মোট ৪৭,৫১৩ জন শিক্ষার্থীর। এদের মধ্যে কিশোর ২৮,০০০ জন ও কিশোরী ১৯,৫১৩ জন। যা গতবারের চেয়ে ৫ গুণেরও বেশী। মোট রেজিস্ট্রেশন (উপজেলা ও সিটি কর্পোরেশনের তালিকা) (১ সেপ্টেম্বর পর্যন্ত) : সীতাকুণ্ড উপজেলা–৭৮৭৭, চন্দনাইশ উপজেলা – ৪৬৩০, রাঙ্গুনিয়া উপজেলা–৪১৩৫, ফটিকছড়ি উপজেলা–৩৪১৯,বাঁশখালী উপজেলা– ৩৩৫৯, আনোয়ারা উপজেলা –৩১১৫,পটিয়া উপজেলা–২৮৮৮,রাউজান উপজেলা–২৭১১, হাটহাজারী উপজেলা–২৫২৩,বোয়ালখালী উপজেলা–২০৯৭, মিরশ্বরাই উপজেলা–১৭৪৯,চট্টগ্রাম সিটি কর্পোরেশন–১৫৬১,কর্ণফুলী উপজেলা– ১১২০, সন্দ্বীপ উপজেলা–১০৩৩,চট্টগ্রাম সিটি কর্পোরেশন– ৯৭৮, লোহাগাড়া উপজেলা–৯৬৩, চট্টগ্রাম সিটি কর্পোরেশন–৭৯৬,সাতকানিয়া উপজেলা–৭৮৩,চট্টগ্রাম সিটি কর্পোরেশন–৬৭৪, চট্টগ্রাম সিটি কর্পোরেশন –৫৮৬। নগরীর ৫টা শিক্ষা থানা ও ১৬ টি উপজেলার মধ্য রেজিস্ট্রেশনের দিক থেকে এগিয়ে আছে সীতাকুণ্ড। এর পর আছে রাঙ্গুনিয়া, চন্দনাইশ, ফটিকছড়ি ও বাঁশখালী উপজেলা। অন্যদিকে সবচেয়ে পিছিয়ে আছে সাতকানিয়া উপজেলা। এবারের প্রতিযোগিতায় মোট ইভেন্ট সংখ্যা ১০টি। বিগত ১ম পর্বের ৮টি ইভেন্ট ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার, মার্শাল আর্টের (কারাতে, উশু, জুডো ও তাইকোয়ানডো) সাথে এবার যুক্ত হয়েছে নতুন দুটি ইভেন্ট ভলিবল ও টেবিল টেনিস। একজন সর্বোচ্চ ২টি খেলায় অংশগ্রহণ করতে পারবে। ১লা জুলাই থেকে শুরু হওয়া ১০ থেকে ১৪ বছর ছাত্র / ছাত্রী (জন্ম তারিখ : ০১/০৯/২০১২ – ৩১/০৮/২০১৬ এর মধ্যে) রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে ১০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। রেজিস্ট্রেশনের জন্য ভিজিট করতে হবে : notunkurisports.govv.bd












