অধ্যক্ষ প্রফেসর রীতা দত্ত বলেছেন–বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে কাজী নজরুল ইসলাম এক অনন্য ধ্রুব তারা। তিনি একজন কবি শুধু নয়, তিনি যুগের চেতনা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী বজ্রকণ্ঠ এবং মানবতার অমলিন দূত। তিনি বলেছেন, তাঁর কলমে যেমন বিদ্রোহের অগ্নিশিখা জ্বলে উঠেছে, তেমনি প্রেম, সাম্য, সৌন্দর্য্য ও ভ্রাতৃত্বের সুধাধারা ও প্রবাহিত হয়েছে। তিনি মিলনের মহাকাব্য। তাঁর সাহিত্য ও সঙ্গীতে মানুষই ছিল সর্বোচ্চ সত্য। নজরুল আমাদের জীবনে বিদ্রোহের অগ্নিশিখা ও সুরের অমৃত ধারা।
তিনি গতকাল বুধবার নজরুল সঙ্গীত শিল্পী সংস্থা আয়োজিত নজরুল জন্ম জয়ন্তী অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে একথা বলেন। সংস্থার সভাপতি শিল্পী দীপেন চৌধুরীর সভাপতিত্বে ও শিমু বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রকৌশলী সিরাজুল ইসলাম ও মুহাম্মদ এনামুল হক। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী শান্তিময় চক্রবর্ত্তী, মুহাম্মদ এনামুল হক, শিল্পী দাশগুপ্তা, আরশাদুর রহমান, আশীষ দেব, সব্যসাচী নন্দী, অঙ্কিতা আচার্য্য, নির্মল বৈদ্য, ঝুমুর খাস্তগীর, দীপান্বিতা দত্ত, বৈশাখী দাশ, মুন্নি বড়ুয়া, লক্ষ্মী দত্ত রায়, শিবানী চক্রবর্ত্তী ও সমীর নাথ। তবলায় ছিলেন মনোজ সরকার। প্রেস বিজ্ঞপ্তি।












