নজরুলের অসামপ্রদায়িকতার আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে

চট্টগ্রাম বিভাগীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মীর হেলাল

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৬ অক্টোবর, ২০২৬ at ৬:০২ পূর্বাহ্ণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা ও অসামপ্রদায়িকতার আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

তিনি বলেছেন, নজরুলের সাহিত্য ও সংগীতের চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতা জাগ্রত করতে হবে। তার আদর্শ অনুসরণ করে বৈষম্যহীন, মানবিক ও সমপ্রীতিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে হবে।

গতকাল নগরীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নজরুল বর্ষ উপলক্ষে মাদ্রাসা ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, কাজী নজরুল ইসলাম কেবল কবি নন, তিনি সাম্য, মানবতা, প্রতিবাদ ও অসামপ্রদায়িক চেতনার প্রতীক। তার সাহিত্য ও সংগীতে মানুষের অধিকার, মর্যাদা, স্বাধীনতা এবং শোষণমুক্ত সমাজ গঠনের আহ্বান রয়েছে। নতুন প্রজন্মকে নজরুলের জীবন, সাহিত্য ও দর্শন সম্পর্কে জানতে হবে এবং তার মানবতাবাদী চিন্তা নিজেদের জীবনে ধারণ করতে হবে। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ থাকলে চলবে না। সাহিত্য, সংগীত ও সংস্কৃতিচর্চার মাধ্যমে তাদের সৃজনশীলতা, মননশীলতা ও নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে। তিনি আরও বলেন, বিশেষ করে মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীদের নজরুলের সাম্যের গান, হামদ, নাতসহ তার সমৃদ্ধ সাহিত্য ও সংগীতের সঙ্গে পরিচিত হতে হবে। এসব চর্চা শিক্ষার্থীদের সাংস্কৃতিক বিকাশের পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সমপ্রীতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। নজরুলের সৃষ্টিকর্মে ধর্মীয় সমপ্রীতি, মানুষের প্রতি ভালোবাসা এবং অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের শিক্ষা রয়েছে। ধর্ম, বর্ণ, শ্রেণি কিংবা পরিচয়ের ভেদাভেদ ভুলে মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করার এই শিক্ষা বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া জরুরি। শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল প্রতিযোগিতার আয়োজনের ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, এসব উদ্যোগ শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করে। জ্ঞান অর্জনের পাশাপাশি তাদের মানবিক, সৃজনশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। নতুন প্রজন্মের চিন্তা ও কাজে নজরুলের আদর্শের প্রতিফলন ঘটলে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পথ সুগম হবে। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে চুরির অভিযোগে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন