জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আগামীকাল শুক্রবার নগরে মৌন মিছিল করবে বিএনপি। নাসিমন ভবন দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি নিউমার্কেট মোড়ে এসে শেষ হবে। দলের কেন্দ্র ঘোষিত এ কর্মসূচিতে নগরের ৪১ ওয়ার্ড থেকে বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেবেন।
এদিকে কর্মসূচি সফল করতে গতকাল বিকেলে নাসিমন ভবন দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। সংগঠনের সদস্য সচিব নাজিমুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।
এসময় নাজিমুর রহমান মৌন মিছিল সর্বাত্মকভাবে সফল করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, পরিকল্পিতভাবে এ দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের পক্ষের শক্তি ও নেতৃত্বকে লক্ষ্য করে রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত, অবমাননাকর এবং কুরুচিপূর্ণ প্রচারণা চালানো হচ্ছে। গণতান্ত্রিক চেতনাবিরোধী এসব হামলার প্রকৃত উদ্দেশ্য হলো জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে একটি অস্বচ্ছ, অনির্বাচিত এবং নিয়ন্ত্রিত ব্যবস্থাকে প্রতিষ্ঠা করা।
তিনি বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, দেশে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র বাস্তবায়নের পথে রয়েছে। কিছু জনভিত্তিহীন ও জনবিচ্ছিন্ন রাজনৈতিক শক্তি পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির কৃত্রিম অবনতি ঘটিয়ে নির্বাচন পেছানোর পাঁয়তারা করছে। তাদের উদ্দেশ্য স্পষ্ট, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বাধাগ্রস্ত করা এবং সাংবিধানিক ধারাকে ভিন্ন খাতে প্রবাহিত করা। এই মুহূর্তে তাদের ষড়যন্ত্রের কেন্দ্রে রয়েছে বিএনপি ও এর নেতৃত্ব। গণতন্ত্রে বিশ্বাসী যে রাজনৈতিক শক্তিগুলো অতীতে জনগণের অধিকারের পক্ষে থেকেছে, আজ তাদের ওপর চলছে নানা রকম রাজনৈতিক হেনস্তা, চরিত্রহননমূলক প্রচার ও সাংগঠনিক বাধা।
নাজিমুর রহমান বলেন, দেশের মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত। জনগণ চায় তাদের ভোটাধিকার ফিরে পেতে, তারা চায় একটি নিরপেক্ষ নির্বাচন হোক। এসময় দলীয় কর্মীদের উদ্দেশে বলেন, এই মুহূর্তে আমাদের প্রতিটি নেতাকর্মীকে সংগঠিত হতে হবে, সচেতন থাকতে হবে এবং যে কোনো অপশক্তির ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত থাকতে হবে। বিএনপি কখনো অন্যায়কে প্রশ্রয় দেয়নি, দিবে না। মব সন্ত্রাস বিএনপির পথ নয়, বিএনপি ন্যায়বিচার, গণতন্ত্র ও শান্তিপূর্ণ রাজনৈতিক সংস্কৃতির পক্ষে।
আবুল হাশেম বক্কর বলেন, বর্তমানে বিএনপির নামে ধারাবাহিকভাবে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে, যা এক ধরনের রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। বিএনপিকে অবিশ্বাস্য ও অস্থিতিশীল হিসেবে উপস্থাপন করে তাদের রাজনৈতিক প্রভাবকে ক্ষুণ্ন করার চক্রান্ত চলছে। এই ধরনের বিভ্রান্তিকর প্রচারণার উদ্দেশ্য একটাই, জনগণের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে দলের ভ্রাতৃপ্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর সুবিধা সৃষ্টি করা। কিন্তু বিএনপি দীর্ঘদিন ধরে দেশের জন্য নিরলস সংগ্রাম করে আসছে এবং জনগণ আমাদের এই সত্যতা ভালোভাবেই বুঝে।
তিনি বলেন, নির্বাচনের সময়কে পেছানোর জন্য নানা ধরনের অজুহাত ও ষড়যন্ত্রও চলছে। আইনশৃঙ্খলার অবনতি কিংবা পরিস্থিতির অস্থিরতা ইস্যু করে নির্বাচন পেছানোর চেষ্টা রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য একটি সংঘটিত পরিকল্পনা মাত্র। বিএনপি এই ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে এবং দেশের জনগণের জন্য সুষ্ঠু, নিরপেক্ষ ও সময়মতো নির্বাচন নিশ্চিত করতে কঠোর সংগ্রাম চালিয়ে যাবে। আমরা বিশ্বাস করি, গণতন্ত্রের বিজয় ছাড়া দেশের স্থিতিশীলতা আসবে না।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহামেদুল আলম চৌধুরী রাসেল, শিহাব উদ্দিন মোবিন, নগর বিএনপির সদস্য এস এম আবুল ফয়েজ, জাহাঙ্গীর আলম দুলাল, মোহাম্মদ মহসিন, মো. খোরশেদ আলম, মো. জাফর আহমদ, মাহাবুব রানা, এম এ সবুর, আবু মুসা, হানিফ সওদাগর, মোহাম্মদ আজম, মোহাম্মদ ইউসুফ।












