চট্টগ্রামে ট্রাকের চাপায় মোহাম্মদ আক্কাছ উদ্দিন (৪৫) নামে বাইক আরোহী লোহাগাড়ার এক যুবক নিহত হয়েছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর অলংকার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আক্কাছ উদ্দিন উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভবানীপুর হাদুর পাড়া এলাকার গোলাম হোসেনের পুত্র।
জানা যায়, ঘটনাস্থলে দ্রুতগতির একটি ট্রাক বাইক আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে স্থানীয় প্রশাসন তার মরদেহ উদ্ধার করেন। ঘটনার ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে জানা গেছে।
বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত আক্কাছ উদ্দিন চট্টগ্রাম নগরে ব্যবসা করতেন। আইনী প্রক্রিয়া শেষে তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।












