দ্রুত চুক্তির শর্তে ইরানে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের

| সোমবার , ৩ আগস্ট, ২০২৬ at ৮:০৮ পূর্বাহ্ণ

দ্রুত একটি চুক্তিতে পৌঁছানোর শর্তে ইরানের ওপর আসন্ন একটি পরিকল্পিত সামরিক হামলা বাতিল করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরান এবং পশ্চিম এশিয়ার আরও কয়েকটি দেশ তাকে কিছুটা সময় দেওয়ার অনুরোধ জানিয়েছে, যাতে একটি চুক্তি চূড়ান্ত করা যায়। খবর বিডিনিউজের।

সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে তিনি সম্ভাব্য হামলা বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। ট্রাম্প বলছেন, ওই চুক্তির আওতায় হরমুজ প্রণালি অবিলম্বে সম্পূর্ণ খুলে দিতে হবে এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান ঘটানোর বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে। বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই সিদ্ধান্তের সঙ্গে ইসরায়েল একমত বলে দাবি করেছেন ট্রাম্প। তবে ইসরায়েল তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। অন্যদিকে ইরানও এ বিষয়ে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

ট্রাম্পের ঘোষণা এমন সময়ে এল, যখন মার্কিন সংবাদমাধ্যমগুলো জানাচ্ছিল, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে এযাবৎকালের সবচেয়ে শক্তিশালী হামলার প্রস্তুতি নিচ্ছে। মার্কিন সমপ্রচারমাধ্যম সিবিএস নিউজের খবরে বলা হয়, শুক্রবার ট্রাম্পের মন্ত্রিসভার বৈঠকেও এ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বৈঠকে সাংবাদিকদের সামনেই ট্রাম্পকে বলতে শোনা যায়, যুক্তরাষ্ট্র ইরানকে ভয়াবহ আঘাত হানবে এবং একপর্যায়ে ইরান আর সহ্য করতে পারবে না।

পূর্ববর্তী নিবন্ধভারতে প্রতি তিন বেকার তরুণের দুজনই স্নাতক
পরবর্তী নিবন্ধঅভিবাসনপ্রত্যাশী ঠেকাতে ১,৬৪০ ফুট দীর্ঘ ভাসমান প্রতিবন্ধক বসাচ্ছে স্পেন