দৈনিক আজাদী সম্পাদকের সাথে ইউনিলিভার বাংলাদেশের সিইও ও এমডির সাক্ষাৎ

আজাদী প্রতিবেদন | বুধবার , ২ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৪৮ পূর্বাহ্ণ

ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রুহুল কুদ্দুস খান দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেকের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে ইউনিলিভার বাংলাদেশের এমডি রুহুল কুদ্দুস খান দেশের অন্যতম প্রাচীন দৈনিক হিসেবে দৈনিক আজাদীর গৌরবোজ্জ্বল ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি দৈনিক আজাদী সম্পাদককে চট্টগ্রামের জীবন্ত কিংবদন্তী হিসেবে উল্লেখ করেন এবং দেশ, মাটি ও মানুষের কল্যাণে তাঁর নিরলস ভূমিকার প্রতি শ্রদ্ধা জানান। তিনি ইউনিলিভারের কার্যক্রম ও সামাজিক দায়বদ্ধতার নানা বিষয় তুলে ধরেন। তিনি দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেককে ইউনিলিভারের ফ্যাক্টরি ও কার্যালয় পরিদর্শনের আমন্ত্রন জানান।

দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক রুহুল কুদ্দুস খানকে নিজের বাসভবনে স্বাগত জানান এবং কষ্ট করে তাঁকে দেখতে আসায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সামাজিক দায়বদ্ধতা থেকে চট্টগ্রামের মানুষের জন্য ভালো কিছু করার জন্য ইউনিলিভারের এমডি রুহুল কুদ্দুস খানকে অনুরোধ করেন এবং চট্টগ্রামে কারখানা সম্প্রসারণসহ আরো বিনিয়োগের আহ্বান জানান।

সাক্ষাৎকালে সাবেক লায়ন্স গভর্নর লায়ন কামরুন মালেক, ইউনিলিভার বাংলাদেশের পাবলিক রিলেশন এন্ড প্রজেক্ট ম্যানেজার এস এম ফয়সাল, মাস্টহেড পিআর গ্রুপ পিআর হেড কাজী মোহাম্মদ আবুল হাসান, দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর, দিনিব মালেক উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম হবে লজিস্টিক হাব, ভূমিকা রাখতে পারে চুয়েট : অর্থমন্ত্রী
পরবর্তী নিবন্ধসুন্নিয়তের প্রচার প্রসারে জামেয়া অগ্রণী ভূমিকা পালন করছে