চট্টগ্রাম হবে লজিস্টিক হাব, ভূমিকা রাখতে পারে চুয়েট : অর্থমন্ত্রী

চুয়েটে ২৪তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

| বুধবার , ২ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৪৭ পূর্বাহ্ণ

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সারাবিশ্বে অনেক ধরনের পরিবর্তন হচ্ছে। এ পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে হবে। নয়তো বিশ্ব আমাদের অনেক আগে চলে যাবে, আমরা পেছনে পড়ে থাকব। তিনি আরো বলেন, আমাদের ছেলেমেয়েদের অনেক মেধা আছে। আমাদের অনেক ভালো গবেষকও আছেন। সরকার গবেষণার উপর এবার অধিকতর গুরুত্ব দিয়েছে। এখন উদ্ভাবন নিয়ে আমাদের আরো বেশি চিন্তা করতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার উদ্ভাবন নিয়ে অনেক কাজ শুরু করেছে। আমাদের প্রধানমন্ত্রী উদ্ভাবনীমূলক কাজ অনেক পছন্দ করেন। আমাদের উদ্ভাবনী শক্তি যাদের আছে, তাদের খুঁজে বের করতে হবে। আমি মনে করি চট্টগ্রাম হবে বাংলাদেশের লজিস্টিক হাব। এখানে চুয়েটও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

গতকাল মঙ্গলবার চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে গেস্ট অব অনার ছিলেন চট্টগ্রাম(রাউজান) আসনের সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এবং ইউনিভার্সিটি টেকনোলজি পেট্রোনাস মালয়েশিয়ার পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান আইআর. . মোহাম্মদ আজুয়ান বিন মাওনসার। সভায় সভাপতিত্ব করেন চুয়েটের ভাইসচ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম।

গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এমপি তার বক্তব্যে বলেন, চুয়েট হলো দেশের একটি উজ্জ্বল প্রদীপ। এই প্রদীপ আলোকিত করতে পারে সারাদেশকে। আমরা যদি এই প্রদীপকে মূল্যায়ন করি, দেখভাল করি, তাহলে এই প্রদীপের আলো সকলকে আলোকিত করবে। ড. মোহাম্মদ আজুয়ান বিন মাওনসার বলেন, আমি চুয়েট এর অগ্রযাত্রা দেখে আশান্বিত। মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর সাথে চুয়েটের সমঝোতা স্মারক হতে পারে। আমরা একসাথে কাজ করে শিক্ষাগবেষণাকে অনেকদূর এগিয়ে নিতে পারি।

চুয়েট ভিসি অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম বলেন, বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং উন্নয়ন করে কমপক্ষে এশিয়া মানে নিয়ে যেতে চাই। আমি বিশ্ববিদ্যালয়ে বিশ্বমানের শিক্ষাগবেষণা নিশ্চিত করতে চাই। আমরা সব উদ্যোগে সরকারসহ সকলের সহযোগিতা ও সমর্থন পাচ্ছি।

সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম(ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর, তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছার, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান। সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন চুয়েটের সাবেক ভাইসচ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ মোজাম্মেল হক। এতে স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির।

অনুষ্ঠান সঞ্চালনা করেন চুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ (ইইই) বিভাগের অধ্যাপক ড. মেহেদী হাসান চৌধুরী, উপপরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ (ইইই) বিভাগের প্রভাষক আজমল আহমেদ। অনুষ্ঠানের শুরুতে চুয়েটের উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

এর আগে সকালে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এরপর জসিম উদ্দিন ফাউন্ডেশন থেকে উপহার হিসেবে প্রাপ্ত ৬টি বাস উদ্বোধন করা হয়। পরে চুয়েটের গোল চত্বরে চট্টগ্রাম ওয়াসা কর্তৃক প্রদত্ত পানি সংযোগ লাইনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন অর্থমন্ত্রী। এ সময় গোল চত্বরে স্মারক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এরপর তিনি চুয়েটের ক্লাব ফেস্টের বিভিন্ন স্টল এবং টিম ব্লিটজারের তৈরী গোকার্ট পরিদর্শন করেন।

অনুষ্ঠানমালার পর ২৪তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আনন্দ র‌্যালি রেব করা হয়। অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল রক্তদান কর্মসূচি, প্রীতি ফুটবল ম্যাচ, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএকাদশে ভর্তি আবেদন শুরু আজ, ফি ২২০ টাকা
পরবর্তী নিবন্ধদৈনিক আজাদী সম্পাদকের সাথে ইউনিলিভার বাংলাদেশের সিইও ও এমডির সাক্ষাৎ