সনাতন সমপ্রদায়ের মানুষ এ দেশেরই নাগরিক। ধর্ম–বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। বর্তমান সরকারের আমলে সনাতন সমপ্রদায়ের মানুষ দেশের নাগরিক হিসেবে সকল সুযোগ–সুবিধা ভোগ করছেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম–০৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ এমপি।
তিনি বলেন, বাংলাদেশ সামপ্রদায়িক সমপ্রীতির দেশ। এ দেশের মানুষ দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্ম ও সমপ্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। ধর্মীয় পরিচয় কখনো মানুষের নাগরিক অধিকার নির্ধারণের মানদণ্ড হতে পারে না। প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম পালন, ধর্মীয় আচার–অনুষ্ঠান উদ্যাপন এবং সম্মানের সঙ্গে জীবনযাপনের অধিকার রয়েছে। এই অধিকার সমুন্নত রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, একটি সুন্দর, শান্তিপূর্ণ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সমপ্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্য, হয়রানি কিংবা নিরাপত্তাহীনতার শিকার না হন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। ধর্মকে কেন্দ্র করে বিভেদ সৃষ্টি না করে পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হবে।
এরশাদ উল্লাহ এমপি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সব সমপ্রদায়ের মানুষের অবদান রয়েছে। তাই রাষ্ট্রীয় ও সামাজিক জীবনের প্রতিটি ক্ষেত্রে সবার অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। স্থানীয় পর্যায়ে সনাতন সমপ্রদায়ের মানুষের সমস্যা, প্রয়োজন ও প্রত্যাশার কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। প্রশাসন, জনপ্রতিনিধি ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে জনগণের ন্যায্য অধিকার ও নাগরিক সুযোগ–সুবিধা নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। গত বৃহস্পতিবার সকাল ১১টা ৩০ মিনিটে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, সদস্য শওকত আলম শওকত, বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ইসহাক চৌধুরী, সাবেক সদস্য সচিব হামিদুল হক মন্নান এবং সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী, বোয়ালখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাফফর হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











