চট্টগ্রাম জেলা পরিষদের কর্মকর্তা–কর্মচারীদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রতিষ্ঠানটির নবনিযুক্ত প্রশাসক মাহবুবের রহমান শামীম। এ সময় তিনি দুর্নীতি–অনিয়মের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না বলেও কর্মকর্তা–কর্মচারীদের সতর্ক করেন।
গতকাল সোমবার সকালে চট্টগ্রাম জেলা পরিষদের সম্মেলন কক্ষে কর্মকর্তা–কর্মচারীদের সঙ্গে পরিচিতি সভায় এসব কথা বলেন তিনি। সভায় বক্তব্য রাখেন প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত, প্রকৌশলী এসএম খালেদ উদ্দীন জামান ও প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আনিছ উদ্দীন ভূঞা।
মাহবুবের রহমান শামীম বলেন, জনগণের কল্যাণমূলক কাজ করাই হবে জেলা পরিষদের প্রধান লক্ষ্য। জেলা পরিষদের উন্নয়ন কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। দুর্নীতি–অনিয়মের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
জেলা পরিষদের সীমিত বাজেট প্রসঙ্গে তিনি বলেন, চট্টগ্রামের উন্নয়নের স্বার্থে বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে আলোচনা করা হবে। ভবিষ্যতে জেলা পরিষদের জন্য পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করা হবে। নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে।
শামীম বলেন, অতীতে বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতির সংস্কৃতি ছিল। আমরা চাই–সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে সততা ও জবাবদিহিতার ভিত্তিতে জেলা পরিষদ পরিচালনা করতে। কাজের ক্ষেত্রে কোনো অনিয়ম বা দুর্নীতির সঙ্গে আমি আপস করবো না।
তিনি বলেন, রাজনীতির অভিজ্ঞতা কাজে লাগিয়ে জনগণের আরও কাছাকাছি গিয়ে জেলা পরিষদের কার্যক্রম পরিচালনা করতে চাই। জেলা পরিষদের প্রতিটি এলাকার মানুষের সুখ–দুঃখে পাশে দাঁড়ানো এবং তাদের সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করা হবে।
প্রশাসক বলেন, আমি এখানে নতুন হলেও আপনারা অভিজ্ঞ। তাই আপনাদের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। কোনো সমস্যা বা প্রয়োজন হলে সরাসরি আমার সঙ্গে কথা বলবেন। কাজের পরিবেশ এমন হবে, যাতে সবাই স্বাচ্ছন্দ্যে দায়িত্ব পালন করতে পারেন।
উল্লেখ্য, গত রবিবার স্থানীয় সরকার মন্ত্রণালয় চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে বিএনপির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাহবুবের রহমান শামীমকে প্রশাসক নিয়োগ করে। ওইদিনই তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যোগদান পত্র জমা দেন। গতকাল সোমবার ছিল তার প্রথম কর্মদিবস।











