দুবাই থেকে আসা যাত্রীর ব্যাগেজে মিলল ৬ লাখ টাকার সিগারেট

শাহ আমানত বিমানবন্দরে তল্লাশি

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৩১ জুলাই, ২০২৬ at ১০:৩০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর ব্যাগেজে পাওয়া ৫ লাখ ৯৩ হাজার ৫০০ টাকার সিগারেট জব্দ করেছে কাস্টমস ইন্টেলিজেন্স। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা ১০ মিনিটে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটের (ইএ১৪৮) ফটিকছড়ির মোহাম্মদ সোহেল নামের ওই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে দুই ব্র্যান্ডের ২৩৫ কার্টন সিগারেট পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমস ইন্টেলিজেন্স ওই যাত্রীর ব্যাগেজ থেকে সিগারেটের চালানটি জব্দ করে। জানা গেছে, এসব সিগারেট থেকে রাজস্ব আদায় প্রায় ৫ লাখ ৯৩ হাজার ৫০০ টাকা। এসব পণ্যের চালান ডিটেনশন মেমোরেন্ডাম (ডিএম) জব্দ করা হয়েছে, যা চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে থাকবে। আটক যাত্রীকে বিমানবন্দরের কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখা মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে আরো ১৬ শিশুর হাম শনাক্ত
পরবর্তী নিবন্ধ১৫ লাখ টাকার বিদেশি মদসহ মাইক্রোবাস জব্দ