দনবাস ছেড়ে ইউক্রেনকে ন্যাটো সদস্য হওয়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র

ডাবলিনে ইইউ শীর্ষ সম্মেলনের পর জেলেনস্কি

| রবিবার , ১৫ নভেম্বর, ২০২৬ at ১১:২৪ পূর্বাহ্ণ

ইউক্রেন ন্যাটো সদস্যপদের বিনিময়ে তাদের পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চল থেকে নিজেদের সব সেনা প্রত্যাহার করে নেবে, সমপ্রতি যুক্তরাষ্ট্র এমন সম্ভাবনার কথা তুলেছে বলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন। রাশিয়া ও ইউক্রেইনের যুদ্ধ অবসানের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে মার্কিন দূতদের মস্কো সফর এবং ডাবলিনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ সম্মেলনের পর গতকাল শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট এ মন্তব্য করেছেন। খবর বিডিনিউজের।

ভবিষ্যতের হুমকি মোকাবেলায় যে কোনো শান্তি চুক্তির শর্ত হিসেবে কিয়েভ দীর্ঘদিন ধরে এই সামরিক জোটের সদস্যপদ পাওয়া চেষ্টা করে আসছে। অপরদিকে রাশিয়া জানিয়েছে, তাদের সীমান্তে ন্যাটোর আরও এক সদস্যের উপস্থিতি মস্কোর কাছে গ্রহণযোগ্য নয়। জেলেনস্কিও নিয়মিতভাবে বলে এসেছেন, মস্কোর দাবি সত্ত্বেও ইউক্রেন দনবাসের মতো সার্বভৌম ভূখণ্ড ছেড়ে দিতে রাজি না।

জেলেনস্কি সাংবাদিকদের বলেন, আমেরিকানরা একটি প্রশ্ন তুলেছে: ‘ইউক্রেন যদি ন্যাটোতে যোগ দেয় তবে কী হবে? ইউক্রেন কি তখন দনবাস থেকে সরে আসবে?’ এই প্রথমবার এমন প্রশ্ন তোলা হল।

মস্কো এর আগে শান্তি চুক্তির শর্ত হিসেবে ইউক্রেনের সামরিক বাহিনীর আকার সীমিত করা, ভূখণ্ডগত ছাড় দেওয়া এবং কিয়েভকে নিরপেক্ষ থাকার নিশ্চিয়তা দিতে হবে বলে প্রস্তাব দিয়েছিল। ইউক্রেন এসব প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছে যে, এ ধরনের বিধিনিষেদের মধ্যে থাকলে ভবিষ্যতে কোনো হামলা হলে তা ঠেকানোর কোনো ক্ষমতা তাদের থাকবে না। মার্কিন কর্মকর্তারা এর আগে বলেছিলেন, ইউক্রেনের নেটো সদস্যপদের বিষয়টি আলোচনার টেবিলে নেই। কিন্তু শনিবার জেলেনস্কি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব দেখে তার মনে হচ্ছে যে ‘ন্যাটোর বিষয়টি আবারও আলোচনার সূচিতে ফিরে এসেছে’। বর্তমানে ইউক্রেনের প্রায় পাঁচ ভাগের এক ভাগ এলাকা রাশিয়ার দখলে রয়েছে, যার মধ্যে দনবাস অঞ্চলের দোনেৎস্ক ও লুহানস্কের বেশিরভাগ অংশই পড়েছে। সেখানে ইউক্রেনের হাতে এখনো যে সামান্য এলাকা আছে তা ছেড়ে দেওয়া কিয়েভের জন্য প্রতীকীভাবে অনেক বড় ব্যাপার হবে, কারণ এর মানে দাঁড়াবে দনবাসকে রাশিয়ার অংশ হিসেবে মেনে নেওয়া।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে চার ঘণ্টা উড়েনি উড়োজাহাজ, আটকা পড়েন হাজার হাজার যাত্রী