থানচিতে স্কুল থেকে প্রধান শিক্ষককে নিয়ে গেল সন্ত্রাসীরা

বান্দরবান প্রতিনিধি | বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:৪৩ পূর্বাহ্ণ

বান্দরবানের থানচি উপজেলায় অস্ত্রধারীরা নায়দারি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অপহরণ করেছে। অপহৃত শিক্ষকের নাম চাইঅং প্রু মারমা (৪৬)। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে চারজনের একটি সশস্ত্র দল তাকে স্কুল থেকে অপহরণ করে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান, থানচি উপজেলার নাইদারি পাড়া স্কুলে হানা দিয়ে ১১টার দিকে প্রধান শিক্ষককে নৌকাযোগে শঙ্খ নদীপথে অপহরণ করে নিয়ে যায়। এ সময় অস্ত্রধারী সন্ত্রাসীরা অন্য শিক্ষকদের কাছ থেকে মোবাইল ফোন নিয়ে যায়। অপহৃত প্রধান শিক্ষক চাইঅং প্রু মারমা থামছি বাজার সংলগ্ন মাস্টার পাড়ার মৃত মংফোঅং মার্মার ছেলে।

খবর পেয়ে ঘটনাস্থলসহ আশপাশের এলাকাগুলোতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ উদ্ধার অভিযান শুরু হয়েছে। অপহরণের কারণ তাৎক্ষণিক জানা যায়নি। তবে স্থানীয়দের দাবি, জায়গাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। অপহরণকারীরা পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতি সশস্ত্র শাখার সদস্য বলে জানিয়েছেন এলাকাবাসী।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কানন সরকার বলেন, স্কুলে হানা দিয়ে প্রধান শিক্ষককে অপহরণের খবর পেয়েছি। অপহৃতকে উদ্ধারে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ অভিযান শুরু করেছে।

পূর্ববর্তী নিবন্ধরাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর আগে মহামান্য কিংবা মাননীয় নয়
পরবর্তী নিবন্ধচট্টগ্রামসহ ৫ বিভাগে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক