শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি বলেছেন, কালুরঘাট মহিলা শ্রমজীবী হোস্টেল ও পাঁচ শয্যাবিশিষ্ট হাসপাতাল সুবিধাসহ শ্রম কল্যাণ কেন্দ্রের বিদ্যমান ত্রুটি–বিচ্যুতি দ্রুত সংশোধন করে প্রকল্পটি চালুর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। শ্রমজীবী মানুষের কল্যাণ, চিকিৎসাসেবা নিশ্চিতকরণ এবং নারী শ্রমিকদের নিরাপদ আবাসনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এ ধরনের প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রকল্পটির অবকাঠামোগত ও প্রশাসনিক সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের মাধ্যমে এটি চট্টগ্রামের মহিলা শ্রমজীবীদের ব্যবহারের উপযোগী করতে হবে।
গতকাল সোমবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত কালুরঘাট শ্রমজীবী মহিলা হোস্টেল ও হাসপাতাল সুবিধাসহ নির্মিত শ্রম কল্যাণ কেন্দ্রের হস্তান্তর গ্রহণবিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথির বক্তব্যে এরশাদ উল্লাহ এমপি বলেন, কালুরঘাট শ্রম কল্যাণ কেন্দ্রটি চট্টগ্রামের মহিলা শ্রমজীবী মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। বিশেষ করে নারী শ্রমিকদের নিরাপদ আবাসন ও চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে এ কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই প্রকল্পটির অবশিষ্ট ত্রুটি–বিচ্যুতি দ্রুত সংশোধন করে প্রয়োজনীয় সুযোগ–সুবিধা নিশ্চিত করতে হবে, যাতে মহিলা শ্রমজীবীরা দ্রুত এর সুফল ভোগ করতে পারেন।
তিনি আরও বলেন, জনগুরুত্বপূর্ণ এ প্রকল্পের সমস্যা ও দীর্ঘদিনের অব্যবহৃত অবস্থার বিষয়টি আমি সংসদে কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে উত্থাপন করেছিলাম। আমার বক্তব্যকে গুরুত্ব দিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়ায় শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী এবং এ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারীকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি আশা করি, দ্রুত হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করে কেন্দ্রটির কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালু করা হবে।
তিনি বলেন, শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং নারী শ্রমিকদের নিরাপদ আবাসনের সুযোগ সৃষ্টি সরকারের জনকল্যাণমূলক দায়িত্বের গুরুত্বপূর্ণ অংশ। এ কেন্দ্রটি চালু হলে চট্টগ্রাম ৮ আসনের মহিলা শ্রমজীবী মানুষ বিশেষভাবে উপকৃত হবেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য আবু সুফিয়ানসহ সেনা কল্যাণ সংস্থা এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রেস বিজ্ঞপ্তি।











