শোবিজ অঙ্গনের তারকাদের নানা বিষয়ে মামলা, গ্রেপ্তার কিংবা আদালতে হাজির হওয়ার ঘটনা নতুন নয়। তবে সামান্য বিষয়েও শিল্পীদের আদালতে টেনে নেওয়ার প্রবণতা নিয়ে এবার প্রশ্ন তুলেছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। গত বৃহস্পতিবার ‘শাড়িকাণ্ড’–কে কেন্দ্র করে আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। এ ঘটনাকে ঘিরে আলোচনার মধ্যেই তারকাদের আদালতে নেওয়ার সংস্কৃতি নিয়ে নিজের মতামত জানিয়েছেন ফারিয়া। খবর বাংলানিউজের। নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে নুসরাত ফারিয়া লেখেন, ‘তুচ্ছ সব বিষয় নিয়ে অভিনেতা–অভিনেত্রীদের আদালতে টেনে নেওয়ার প্রবণতা কেবল লজ্জাজনকই নয়, বরং শোবিজের জন্য পীড়াদায়কও। আমাদের ইন্ডাস্ট্রি যে কতটা ভঙ্গুর, খামখেয়ালি ও হালকা হয়ে পড়েছে, এটি তারই প্রমাণ। এ ধরনের প্রবণতাকে অনেকেই অগ্রগতির প্রতীক হিসেবে দেখছেন– বিষয়টি তাকে কষ্ট দেয় বলেও উল্লেখ করেন অভিনেত্রী। ফারিয়া বলেন, ‘আমার খুব কষ্ট হয় যখন দেখি মানুষ এমনভাবে বাহবা দেয় যে এটিই অগ্রগতির প্রতীক। মতপার্থক্য হলেই আদালতে যাওয়া কোনো প্রগতিশীল চিন্তাধারা না। বরং এটি সম্পূর্ণ পিছিয়ে দেওয়ার মানসিকতা।











