ফেনীতে ছয়তলা একটি ভবনের ছাদ থেকে পড়ে মীরসরাইয়ের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আহমেদুর রহমান আকাশের (৩০) বাড়ি মীরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের আজমনগর গ্রামে। তিনি ফেনীতে নেসলে কোম্পানির আইটি বিভাগে কর্মরত ছিলেন। স্ত্রী–সন্তান নিয়ে ফেনী শহরের পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকার ডা. ডানহাম গলির মায়ের দোয়া শান্তি মহল ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে থাকতেন। তিন দিন আগে তার দ্বিতীয় সন্তান হয়েছে। পরিবারের সবাই ছিলেন চট্টগ্রামে। ওইদিন তিনি ছিলেন একা। পরিবার বলছে, সন্তান আসার আনন্দময় সময়ে আকাশের এভাবে মৃত্যু রহস্যজনক। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত চান।
জানা যায়, সোমবার রাত ১১টার দিকে ফেনী শহরের পুলিশ কোয়ার্টার এলাকার রেনু মিয়া কলোনির পাশের একটি ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে মারা যান আকশ। স্বজনদের সূত্রে জানা গেছে, ঘরে নতুন অতিথির আগমনের আনন্দ। তিন দিন আগে পৃথিবীর আলো দেখেছে তার দ্বিতীয় সন্তান। স্ত্রী, দুই সন্তান আর পরিবার ঘিরে ছিল স্বপ্ন। কিন্তু আনন্দের রেশ কাটতে না কাটতেই নেমে এলো শোকের ছায়া। কর্মস্থল ফেনীতে ফিরে যাওয়ার পর মৃত্যু হলো আকাশের।
মীরসরাই উপজেলার আজমনগর গ্রামের আনোয়ারুল ইসলাম বাহারের ছেলে আকাশ ছিলেন প্রাণবন্ত ও হাস্যোজ্জ্বল স্বভাবের। হালিশহর গরিবে নেওয়াজ উচ্চ বিদ্যালয় ও চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন তিনি। ফেনীতে নেসলে কোম্পানির আইটি বিভাগে কাজ করতেন। স্ত্রী–সন্তান নিয়ে ফেনী শহরের পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকার ডা. ডানহাম গলির মায়ের দোয়া শান্তি মহল ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে বাস করতেন।
দ্বিতীয় সন্তানের জন্মের কিছুদিন আগে প্রথম সন্তানকে নিয়ে চট্টগ্রামে বাবার বাড়িতে যান তার স্ত্রী। গত শনিবার চট্টগ্রামের একটি হাসপাতালে দ্বিতীয় সন্তানের জন্ম হয়। পুত্রসন্তানের আগমনে পরিবারে আনন্দ। সোমবার দুপুরের পর কর্মস্থলে ফিরতে চট্টগ্রাম থেকে রওনা হন আকাশ। কিন্তু কে জানত, এই যাত্রার পর আর ফেরা হবে না তার। ওইদিন রাত ১১টার দিকে ভবনের ছাদ থেকে পড়ে তার মৃত্যুর খবর পান স্বজনেরা।
ঘটনাটি মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা। আকাশের খালু বাহাউদ্দিন মোরশেদ বলেন, পারিবারিকভাবে সুখেই ছিল আকাশ। মাত্র তিন দিন আগে তার দ্বিতীয় সন্তানের জন্ম হয়েছে। এমন পরিস্থিতিতে কীভাবে সে ভবনের ছাদ থেকে পড়ে মারা গেল? ঘটনাটি আমাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে। আমরা এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চাই।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ভবনের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, আকাশ একাই ফ্ল্যাটের দরজায় তালা দিয়ে ছাদের দিকে ওঠেছিলেন। তবে কীভাবে বা কী কারণে তিনি ছাদ থেকে নিচে পড়ে যান, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রকৃত কারণ উদ্ঘাটনে ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ।











