চট্টগ্রাম মহানগরীর আমানত শাহ দরগাহ লেনস্থ তনজিমুল মোছলেমীন এতিমখানার নিবাসীদের মাঝে গতকাল সোমবার পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পোশাক সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম। তিনি বলেন, নিজে নতুন পোশাক পরার আগে যদি একজন এতিমকে নতুন কাপড় পরানো যায়, তবেই ঈদের প্রকৃত আনন্দ পাওয়া যায়। এতিম ও দরিদ্র শিশুদের মুখে হাসি ফোটাতে সমাজের ধনী ও সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানিয়ে তিনি বলেন, এটি কেবল কাপড় বিতরণ নয়, বরং এতিমদের প্রতি সহানুভূতি ও ভালোবাসার প্রতিফলন, যা তাদের একাকিত্ব দূর করে।
বিভাগীয় পরিচালক বলেন, প্রিয়নবী ( সা.) এতিম অবস্থায় পৃথিবীতে আগমন করেছেন। পিতৃ ছায়াহীন বিষাদময় জীবনের কী যে যন্ত্রণা, তা তিনি মর্মে মর্মে উপলব্ধি করেছেন। তাই তিনি সর্বদা এতিমদের ভালোবাসতেন, তাদের সর্বাত্মক সহযোগিতা করতেন, তাদের মাথায় স্নেহের পরশ বুলিয়ে দিতেন এবং এতিমদের সম্পদ গ্রাস করাকে ধ্বংসাত্মক কাজ বলে ঘোষণা করেছেন। তিনি আরো বলেন, ইসলাম সমাজের সামর্থ্যবান ও বিত্তশালীদের সম্পদে নিঃস্ব, এতিম, বিধবা ও দুর্দশাগ্রস্তদের অধিকার নিশ্চিত করেছে। যারা এতিমকে ভালোবাসে, তাদের সঙ্গে সদয় ব্যবহার করে, তাদের সাহায্যে এগিয়ে আসে এবং তাদের লালনপালনের দায়িত্ব গ্রহণ করে প্রিয়নবী (সা.) তাদের জন্য জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন। তনজিমুল মোছলেমীন এতিমখানা মিলনায়তনে এতিমখানার তত্ত্বাবধায়ক ও পরিচালক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহর সভাপতিত্বে ও আল হেজাজ ফাউন্ডেশনের অর্থ সম্পাদক হাফেজ মুহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদের প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক শাব্বির আহমদ। উপস্থিত ছিলেন আল হেজাজ ফাউন্ডেশনের সহসভাপতি আলহাজ্ব হাফেজ লিয়াকত আলী চৌধুরী, আলহাজ্ব হাফেজ মোহাম্মদ ফজলুল কাদের, এতিমখানার শিক্ষক,কর্মচারী ও নিবাসীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।












