নগরীর চান্দগাঁওয়ের অদূরপাড়া এলাকায় শটগান দিয়ে ইট–বালুর ব্যবসায়ী তাহসিন খুনের মামলায় সন্ত্রাসী ডেভিড ইমনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন। এর আগে পুলিশের পক্ষ থেকে তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়।
নগর পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) হাসান ইকবাল এ তথ্য নিশ্চিত করে বলেন, তাহসিন হত্যা মামলায় গত ২৫ আগস্ট ডেভিড ইমনকে গ্রেপ্তার দেখানো (শোন অ্যারেস্ট) হয়। আদালত সূত্র জানায়, ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর চান্দগাঁও থানাধীন অদূরপাড়া এলাকায় ইট–বালুর ব্যবসায়ী তাহসিনকে শটগান দিয়ে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হয়। নাম–পরিচয় লুকিয়ে ‘মিরাজ’ সেজে ভারতে পালিয়ে যাওয়ার সময় গত ২৯ জুলাই যশোরের সীমান্ত এলাকা থেকে তিন সহযোগীসহ ইমনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ফটিকছড়ির কাঞ্চননগর এলাকা থেকে তিনটি অস্ত্র উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ফটিকছড়ি থানায় পাঁচজনের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করা হয়। তারা হলেন মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমন, মো. শামীম, মো. শাফায়েত হোসেন, আল ইসলাম আলিফ প্রকাশ তমাল ও মো. মিঠু প্রকাশ ধামা ইলিয়াস। ধামা ইলিয়াস আগে থেকেই কারাগারে ছিলেন।
পুলিশ জানায়, ধামা ইলিয়াসের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সহযোগীদেরসহ চট্টগ্রামজুড়ে ত্রাসের রাজত্ব কায়েমকারী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা সম্ভব হয়।












