রাউজানের আবুখীলে নলকূপে উঠছে গ্যাস

পরিদর্শনের পর আগুন না জ্বালানোর নির্দেশনা বাপেক্স প্রকৌশলীদের

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ১ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:৪০ পূর্বাহ্ণ

রাউজানের উরকিরচর ইউনিয়নের আবুখীল গ্রামে একটি নলকূপ থেকে গ্যাস উঠছে বলে জানা গিয়েছে। গ্রামবাসী বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিভিউশন কর্তৃপক্ষকে অবহিত করেন। সংবাদ পেয়ে বাপেক্সের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা নলকূপের ৬০ মিটার দূরত্বের মধ্যে থাকা পরিবারসমূহকে আপাতত ঘরে আগুন না জ্বালানোর নির্দেশনা দিয়ে গেছে।

গ্রামের বাসিন্দা অসিম বড়ুয়া জানান, এই নিদেশনা পেয়ে ৬০ মিটারের মধ্যে থাকা বাড়ির পাঁচটি পরিবার গত চার দিন ঘর ছেড়ে নিরাপদ স্থানে রয়েছে। নলকূপে গ্যাস বের হওয়ার কথা শুনে উৎসুক মানুষ সেখানে ভিড় করছেন।

নলকূপের মালিক লাভলু বড়ুয়া জানান, তার নলকূপটি দীর্ঘ সময় ধরে অকেজো অবস্থায় ছিল। এটি সংষ্কার করে ব্যবহার উপযোগী করতে কয়েকদিন আগে লাগানো হয়েছিল কম্প্রেসার। এটি সংযোগ দিয়ে পানি উঠানোর চেষ্টা করলে দেখা যায় পানির সাথে ধোয়া বের হচ্ছে। এমন দৃশ্য দেখে বাড়ির মানুষ গ্যাস উঠার বিষয়ে সন্দেহ করেছিল। তিনি কৌতূহলী হয়ে পাইপের মাথায় পলিথিন ব্যাগ চেপে গ্যাস ভর্তি করে নিয়ে যান কিছুটা দূরে। সেখানে লাইটার দিয়ে আগুন দেয়ার পর গ্যাসের বিষয়টি নিশ্চিত হন। এরপর তিনি বিষয়টি উপজেলা প্রশাসনকে জানান।

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রাহতুল ইসলাম বলেন, বিষয়টি জেনে কর্ণফুলী গ্যাস কতৃপক্ষের মাধ্যমে বাপেঙকে জানিয়েছি। তাদের প্রকৌশলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গ্রামবাসীদের আপাতত আগুন না জ্বালানোর নিদেশনা দিয়ে পরবর্তী করণীয় নির্ধারণ করবেন বলে জানিয়ে গেছে।

তবে এ বিষয়ে জানতে বাপেঙ চট্টগ্রাম অঞ্চলের মহাব্যবস্থাপকের সাথে যোগযোগ করার চেষ্টা করলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

পূর্ববর্তী নিবন্ধসরকারের ই-সেবা পেতে সশরীরে যেতে হয় ৬৮% নারীকে