ডেঙ্গুতে ৬ মাসে জুলাইয়ে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু

| শনিবার , ১ আগস্ট, ২০২৬ at ৬:২৩ পূর্বাহ্ণ

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মাস হিসেবে জুলাইয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৩৬ জন মারা গেছেন। একইভাবে জুলাইয়ে বিগত ছয় মাসের চেয়ে সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত রোগীও শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনের তথ্য বলছে, গত ১ জানুয়ারি থেকে গতকাল শুক্রবার পর্যন্ত দেশে মোট ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ১৫ হাজার ৩১০ জন, প্রাণ গেছে মোট ৫৪ জনের। এর মধ্যে শুধু জুলাই মাসে শনাক্ত হয়েছে ৯ হাজার ২০৬ জন রোগী ও মারা গেছে ৩৬ জন রোগী। চলতি সপ্তাহে শনাক্ত রোগীর সংখ্যা ২৬৭০ জন ও প্রাণ গেছে ১৪ জনের। সর্বশেষ গত একদিনে অর্থাৎ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু ও ১৫৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। খবর বিডিনিউজের।

অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, গত জানুয়ারি মাসে দেশে ডেঙ্গু রোগী শনাক্ত হয় ১ হাজার ৮১ জন, ফেব্রুয়ারি মাসে ৪০৯, মার্চে ৩৫৩, এপ্রিলে ৬৪০, মে মাসে ৭১৪, জুনে ২ হাজার ৯০৭ জন। এর মধ্যে জানুয়ারিতে মারা যায় ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মার্চে ১ জন, জুনে ১৩ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হন ১১ জন। ১৫ জন ভর্তি হন দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার হাসপাতালগুলোতে। ঢাকার দুই সিটি কর্পোরেশনের বাইরে ভর্তি হন আরো ৫০ জন। বিভাগের মধ্যে বরিশালে ৪ জন, চট্টগ্রামে ৬৯ জন, খুলনায় ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে বরিশাল বিভাগে ১ জন মারা যান।

এদিকে গত ২৪ ঘণ্টায় আরো ১৫৪ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া ১৫ হাজার ৩১০ জন রোগীর মধ্যে সুস্থ হয়ে ফিরেছেন ১৪ হাজার ৮৯ জন। স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্তদের হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন। একই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। ২০২৫ সালে ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মতো।

পূর্ববর্তী নিবন্ধসিএনজির দাম বাড়াতে চায় পেট্রোবাংলা
পরবর্তী নিবন্ধবাঘের বিনিময়ে জেব্রা আনতে চায় চট্টগ্রাম চিড়িয়াখানা