টেস্টকে বিদায় জানাচ্ছেন মুশফিক

শেষ ম্যাচ ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে

স্পোর্টস ডেস্ক | রবিবার , ২৯ নভেম্বর, ২০২৬ at ৬:০৭ পূর্বাহ্ণ

দুদিন বাকি থাকতেই সেঞ্চুরিয়ন টেস্ট শেষ হয়ে যাওয়ায় বাংলাদেশ টেস্ট দলের ক্রিকেটাররা আগেভাগেই দেশে ফেরেন। দেশে ফিরেই ক্যারিয়ারের বড় সিদ্ধান্ত নিয়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ঘরের মাঠে আগামী ইংল্যান্ড সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন সাবেক এই অধিনায়ক। আগেই ওয়ানডে ও টি–টোয়েন্টি ছেড়ে দেওয়ায় ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ দিয়েই শেষ হবে মুশফিকের আন্তর্জাতিক অধ্যায়। সেই সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরই হয়ে থাকছে জাতীয় দলের সঙ্গে তার শেষ সফর। মিরপুরের শের–ই–বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গতকাল শনিবার দুপুরে বোর্ড সভায় বসে বিসিবির পরিচালনা পর্ষদ। সভা শেষে সংবাদ সম্মেলনে মুশফিকের অবসরের খবর জানান বিসিবি সভাপতি ও তার বন্ধু তামিম ইকবাল। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে বাংলাদেশের শেষ সিরিজ ইংল্যান্ডের বিপক্ষে। তাই বিদায়ের জন্য ওই সিরিজটিই বেছে নিয়েছেন মুশফিক। আগামী ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। মিরপুরে হবে মুশফিকের বিদায়ী টেস্ট।

লর্ডসে ২০০৫ সালের মে মাসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় মুশফিকের। প্রায় ২২ বছর পর, ২০২৭ সালের ফেব্রুয়ারিতে একই দলের বিপক্ষে পর্দা নামবে তার দীর্ঘ টেস্ট ক্যারিয়ারের। মুশফিকের সামনে সুযোগ ছিল লর্ডসেই বিদায় জানানোর। ওই মাঠে আগামী বছরের মে মাসে ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলবে বাংলাদেশ। তবে সেই পর্যন্ত অপেক্ষা না করে টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে বাংলাদেশের শেষ সিরিজের প্রথম ম্যাচেই থামবেন ৩৯ বছর বয়সী এই ব্যাটসম্যান।

এখন পর্যন্ত ১০৮ টেস্টের ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ ও সর্বোচ্চ রানের কৃতিত্ব মুশফিকের। ১৯৯ ইনিংসে ৩৮.৮০ গড়ে তার সংগ্রহ ৭ হাজার ৬২ রান। চলতি মাসের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। ক্যারিয়ারের প্রথম পাঁচ বছরে ১৬ টেস্ট খেলেও কোনো সেঞ্চুরি ছিল না মুশফিকের। পরে ক্রমেই নিজেকে দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করেন। এখন পর্যন্ত ১৪ বার তিন অঙ্কের দেখা পেয়েছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির মালিকও তিনি।

২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরির স্বাদ পান মুশফিক। পরে আরও দুবার দ্বিশতকের কৃতিত্ব দেখান তিনি। বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যানের একাধিক ডাবল সেঞ্চুরি নেই। শুধু তা–ই নয়, উইকেটকিপার–ব্যাটসম্যান হিসেবে একাধিক ডাবল সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ডও গড়েছেন মুশফিক। আরও আটজন উইকেটকিপার টেস্টে ডাবল সেঞ্চুরি পেলেও একাধিকবার এই কৃতিত্ব নেই তাদের।

গত বছরের নভেম্বরে বাংলাদেশের প্রথম ও এখন পর্যন্ত একমাত্র ব্যাটসম্যান হিসেবে ১০০ টেস্টের মাইলফলক স্পর্শ করেন মুশফিক। আয়ারল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে ১০৬ রানের ইনিংস খেলে শততম টেস্টে সেঞ্চুরি করা ব্যাটসম্যানদের ছোট্ট তালিকায় নাম তোলেন তিনি। দুই দশকের বেশি সময়ের ক্যারিয়ারে ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত ৩৪ টেস্টে অধিনায়কত্ব করেন মুশফিক। তার নেতৃত্বে ৭ টেস্টে জয় পায় বাংলাদেশ। ড্র করে ৯ ম্যাচ, আর হার ১৮টিতে। একাধিক ম্যাচে বাংলাদেশের অধিনায়কত্ব করা ব্যক্তিদের মধ্যে তার পরাজয়ের হারই সবচেয়ে কম ৫২.৩৪ শতাংশ।

২০১৬ সালে মুশফিকের নেতৃত্বেই ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ও এখন পর্যন্ত একমাত্র টেস্ট জয় পায় বাংলাদেশ। পরের বছর ঘরের মাঠে অস্ট্রেলিয়াকেও হারায় তারা। শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের শততম টেস্টেও মুশফিকের নেতৃত্বে জয় পায় বাংলাদেশ। লর্ডসে হাবিবুল বাশারের অধিনায়কত্বে শুরু হয় মুশফিকের টেস্ট ক্যারিয়ার। এরপর নিজে ছাড়াও আরও আট অধিনায়কের নেতৃত্বে খেলেছেন তিনি। সব ঠিক থাকলে এবার নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্বে থামবে বর্ণাঢ্য এই অধ্যায়।

পূর্ববর্তী নিবন্ধপটিয়া ও মীরসরাইয়ে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রোল বোমা হামলা
পরবর্তী নিবন্ধআটটি গুলির ক্ষত নিয়ে বেঁচে থাকা সেই বন্যহাতি আবার লোকালয়ে