কক্সবাজারের টেকনাফে নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স ‘সোয়াডসের’ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। গত রোববার দিবাগত রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকায় এ বিশেষ অভিযানটি পরিচালিত হয়। গতকাল সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় নৌবাহিনী।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর দুটি আভিযানিক দল চিহ্নিত সন্ত্রাসী ও ওয়ারেন্টভুক্ত আসামি ‘ভুট্টু সাইফুলের’ সহযোগী এম. দেলোয়ার হোসেনের বাড়িতে তল্লাশি চালায়। সেখান থেকে ২টি জি–থ্রি রাইফেল, ১টি এমএ–১ রাইফেল, ৮টি ম্যাগাজিন, ১৯০ রাউন্ড তাজা গুলি এবং ১০ রাউন্ড খালি কার্তুজ উদ্ধার করা হয়। এছাড়া পাচারের উদ্দেশ্যে মজুদ রাখা ২৮ হাজার পিস ইয়াবাও জব্দ করে নৌবাহিনী।নৌবাহিনী জানিয়েছে, নিয়মিত মাদকবিরোধী ও সন্ত্রাস দমন অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালিত হয়েছে। উদ্ধারকৃত এসব আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।
জাতীয় নিরাপত্তা নিশ্চিত ও অপরাধ নির্মূলে নৌবাহিনীর এমন বিশেষ অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।












