টেকনাফে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

পাকিস্তানভিত্তিক টিটিপির সম্পৃক্ততার অভিযোগ

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ৬ মে, ২০২৬ at ৯:৫৫ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফের আশ্রয়শিবির থেকে পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ‘তেহরিকতালিবান পাকিস্তানের’ (টিটিপি) সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মোহাম্মদ উল্যাহ (২০) নামের এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। মামলায় গতকাল মঙ্গলবার তাকে বিকেলে কারাগারে পাঠানো হয়েছে।

জেলা পুলিশ জানায়, সোমবার রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা আশ্রয়শিবিরে অভিযান চালিয়ে মোহাম্মদ উল্যাহকে গ্রেপ্তার করে টেকনাফ থানার একদল পুলিশ। মোহাম্মদ উল্যাহ আশ্রয়শিবিরের এফব্লকের বাসিন্দা আবদুল করিমের ছেলে। এ সময় একটি মুঠোফোন জব্দ করা হয়। এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মোহাম্মদ উল্যাহর সঙ্গে টিটিপির সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তার মোবাইল ফোনে পাওয়া বিভিন্ন তথ্যউপাত্ত যাচাই করা হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ অহিদুর রহমান বলেন, গোয়েন্দা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের তথ্যপ্রযুক্তি সহায়তায় রোহিঙ্গা মোহাম্মদ উল্যাহকে শনাক্ত করা হয়। তিনি জানান, জব্দ মুঠোফোনে বিভিন্ন বার্তা, ডকুমেন্ট ও আন্তর্জাতিক যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে। এসব তথ্য বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম চলছে। পুলিশ জানায়, গ্রেপ্তার মোহাম্মদ উল্যাহ ‘হাকিকত নিউজ’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সক্রিয় সদস্য, যা পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন টিটিপির সঙ্গে সংশ্লিষ্ট। গ্রুপটি উর্দু ভাষায় পরিচালিত হয় এবং এর বিরুদ্ধে আন্তর্জাতিক যোগাযোগমাধ্যমে সন্ত্রাসী কার্যক্রমে উৎসাহ দেওয়ার অভিযোগ রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের চেষ্টা করব : ফখরুল
পরবর্তী নিবন্ধযৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে যাবজ্জীবন