জয়পুরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের জরুরি অবতরণ

ছিনতাইয়ের সতর্কবার্তা

| বৃহস্পতিবার , ১৫ অক্টোবর, ২০২৬ at ১০:০৯ পূর্বাহ্ণ

জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে ভারতের রাজধানী নয়াদিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট ছিনতাইয়ের সতর্কবার্তা পাওয়ার পর উড়োজাহাজটিকে গতিপথ বদলে রাজস্থানের জয়পুরে ঘুরিয়ে নেওয়া হয়েছে। ভারতের বার্তা সংস্থা আইএএনএসের বরাতে এনডিটিভি লিখেছে, বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার মডেলের ‘এআই–২০৩০’ ফ্লাইটটি গতকাল স্থানীয় সময় সকাল পৌনে ১০টায় জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করে। নির্ধারিত গন্তব্য দিল্লি থেকে জয়পুরের দূরত্ব প্রায় ২৮০ কিলোমিটার। খবর বিডিনিউজের।

বিমানবন্দর সূত্র জানায়, উড়োজাহাজ ছিনতাইয়ের মতো পরিস্থিতি মোকাবেলায় যে ধরনের সর্বোচ্চ স্তরের নিরাপত্তা প্রটোকল থাকে, বিমানবন্দর কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে সেই ব্যবস্থা গ্রহণ করে। উড়োজাহাজটি অবতরণের পরপরই বিভিন্ন নিরাপত্তা সংস্থার সদস্যরা সতর্কতার সঙ্গে ভেতরে প্রবেশ করে তল্লাশি শুরু করেন।

কর্মকর্তারা নিশ্চিত করেছেন, ফ্লাইটে থাকা সব যাত্রী ও ক্রু সম্পূর্ণ নিরাপদে রয়েছেন। পুরো উড়োজাহাজে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি শেষে নিরাপত্তা ছাড়পত্র পাওয়ার পর সিঁড়ি এনে যাত্রীদের নিরাপদে নিচে নামানো হয়।

এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, সংশ্লিষ্ট যাত্রীদের বিনা খরচে পরবর্তী ফ্লাইটে টিকিট পুনঃনির্ধারণের সুবিধা দেওয়া হচ্ছে। এছাড়া কেউ যাত্রা বাতিল করতে চাইলে টিকিটের পুরো অর্থ ফেরত দেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানের পদক্ষেপে উল্টো বিপদের ঝুঁকি
পরবর্তী নিবন্ধআজ মৌলভী নাদের আলী শাহ’র ওরশ