জ্বালানি সংকট ও বহুমাত্রিক সমস্যা

নেছার আহমদ | মঙ্গলবার , ১৭ নভেম্বর, ২০২৬ at ১০:৩১ পূর্বাহ্ণ

দেশে বর্তমান জ্বালানি সংকট একটি বহুমাত্রিক ও গভীর জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। চাহিদার তুলনায় গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়া এবং আমদানিনির্ভরতা এই সংকটকে আরও জটিল করে তুলেছে। দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় ৩৮০ কোটি ঘনফুট। বিপরীতে সরবরাহ পাওয়া যাচ্ছে চাহিদার তুলনায় অনেক কম। বিবিয়ানাসহ বড় গ্যাসক্ষেত্রগুলো থেকে উৎপাদন কমে আসছে। গ্যাস, কয়লা ও জ্বালানি তেলের চাহিদার বড় অংশ আমদানির ওপর নির্ভরশীল। বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতা এবং বৈদেশিক মুদ্রার সংকট এলএনজি ও জ্বালানি তেল আমদানিতে বড় বাধা সৃষ্টি করছে। অন্যদিকে রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রগুলো অলস বসিয়ে রেখেও বিপুল পরিমাণ ক্যাপাসিটি পেমেন্ট দিতে হচ্ছে, যা বিদ্যুৎ ও জ্বালানি খাতে আর্থিক বোঝা বাড়াচ্ছে।

সমপ্রতি কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ খননের সময় নির্গত গ্যাসের আগুন নিয়ে বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে ভূগর্ভে বড় গ্যাসের মজুত থাকার সম্ভাবনার কথা উঠে এসেছে। তবে ভূতাত্ত্বিক জরিপ ও বাণিজ্যিক সম্ভাবনা যাচাইয়ের পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

এলএনজি আমদানি কমাতে দেশীয় গ্যাস উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে দেশের বৃহত্তম গ্যাস উৎপাদন কেন্দ্র তিতাসে দুটি কূপ খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। ৫৯২ কোটি টাকা ব্যয়ে তিন বছরে প্রকল্পটি বাস্তবায়িত হলে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৩ কোটি ঘনফুট গ্যাস যুক্ত হবে।

অন্যদিকে, ভোলার অব্যবহৃত গ্যাস কাজে লাগাতে এবার পাইপলাইন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভোলা থেকে বরিশাল হয়ে খুলনায় গিয়ে এ পাইপলাইন জাতীয় গ্যাস সঞ্চালন লাইনের সঙ্গে যুক্ত হবে। এর আগে সিএনজি ও এলএনজি আকারে ভোলার গ্যাস দেশের অন্যত্র নেওয়ার পরিকল্পনা করা হলেও ব্যয় ও বাস্তবতার বিবেচনায় তা এগোয়নি। নতুন পরিকল্পনায় স্থানীয় শিল্পকারখানার চাহিদা পূরণের পাশাপাশি জাতীয় গ্রিডেও গ্যাস সরবরাহ করা হবে।

জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, ভোলার তিনটি গ্যাসক্ষেত্রে আনুমানিক ১ লাখ ৮৫ হাজার কোটি ঘনফুট গ্যাসের মজুত রয়েছে। বর্তমানে ৯টি কূপের উৎপাদন সক্ষমতা দৈনিক ১৮ কোটি ঘনফুট হলেও চাহিদার অভাবে অর্ধেকেরও কম গ্যাস উত্তোলন হচ্ছে। আরও ১০টি কূপ খনন করা হলে উৎপাদন সক্ষমতা দৈনিক ২০ কোটি ঘনফুট বাড়বে। এর মধ্যে পাঁচটি কূপ খননের কাজ চলছে এবং বাকি পাঁচটির কার্যক্রম প্রক্রিয়াধীন। পাশাপাশি নতুন গ্যাস অনুসন্ধানের জরিপ পরিচালনারও পরিকল্পনা রয়েছে।

ভোলায় শাহবাজপুর, ভোলা নর্থ ও ইলিশা এই তিনটি গ্যাসক্ষেত্রে উল্লেখযোগ্য গ্যাসের মজুত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে সেখানে নয়টি কূপ থেকে উৎপাদনের সক্ষমতা থাকলেও চাহিদার অভাবে পূর্ণ উৎপাদন হচ্ছে না। আরও দশটি কূপ খননের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে পাঁচটির কাজ চলছে। অন্যদিকে ভোলা–বরিশাল ৯৬ কিলোমিটার পাইপলাইন নির্মাণে প্রায় ১২ হাজার ৯৩১ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। বরিশাল–খুলনা পাইপলাইনের সম্ভাব্যতা যাচাইও চলছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে দেশের জ্বালানি সরবরাহে ভোলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ভোলার গ্যাসকে কাজে লাগিয়ে শিল্পায়নেরও ব্যাপক সম্ভাবনা রয়েছে। প্রাণ–আরএফএল সদর উপজেলার ভেদুরিয়া এলাকায় প্রায় ছয় হাজার কোটি টাকা বিনিয়োগে শিল্পপার্ক গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে। এটি বাস্তবায়িত হলে ২৫ হাজারের বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। ফলে গ্যাসসম্পদের যথাযথ ব্যবহার শুধু জ্বালানি সংকট নিরসনেই নয়, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নেও অবদান রাখবে।

আমদানিনির্ভরতা কমাতে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগও গুরুত্বপূর্ণ। শিল্পকারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে সৌর প্যানেল স্থাপন, উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে বিক্রির সুযোগ, যন্ত্রপাতি আমদানিতে শুল্কছাড় এবং স্বল্প সুদে ঋণ প্রদানের মাধ্যমে এ খাত সমপ্রসারণের পরিকল্পনা রয়েছে। সরকারের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা তৈরি করা। বিশেষজ্ঞদের মতে, সৌরবিদ্যুতের উৎপাদন বাড়লে এলএনজি, জ্বালানি তেল ও কয়লার ওপর নির্ভরতা কমবে। তবে এ লক্ষ্য অর্জনে অবকাঠামোগত উন্নয়ন, বিনিয়োগবান্ধব পরিবেশ এবং নীতির ধারাবাহিকতা নিশ্চিত করা জরুরি।

বিশ্বজুড়েও জ্বালানি নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায় বিদ্যুতের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ–৩১–এ ২০৩৫ সালের মধ্যে বিশ্বে মোট জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ ২৩ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে আলোচনা হয়েছে। পরিবহন, শিল্প ও ভবন খাতে বিদ্যুতের ব্যবহার বাড়ানো এবং নবায়নযোগ্য জ্বালানির অবকাঠামো সমপ্রসারণে আন্তর্জাতিক সহযোগিতা ও বিনিয়োগের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব উদ্যোগ থেকে বাংলাদেশেরও শিক্ষা নেওয়া প্রয়োজন। বর্তমান পরিস্থিতিতে দেশের অর্থনীতির চালিকাশক্তি শিল্প খাতকে সচল রাখা অত্যন্ত জরুরি। অথচ মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের অনেক এলাকা এখনো অব্যবহৃত পড়ে রয়েছে। সেখানে গ্যাস, বিদ্যুৎ ও প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করা না গেলে বিনিয়োগকারীরা আগ্রহী হবেন না। দেশের অর্থনীতির চাকা সচল করতে মিরসরাইয়ের মতো সম্ভাবনাময় অর্থনৈতিক অঞ্চলে দ্রুত গ্যাস–বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করে শিল্প উৎপাদন শুরু করা প্রয়োজন।

অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের শর্ত মেনে জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ ও সারের দাম দফায় দফায় বাড়ানোয় সাধারণ মানুষের ওপর চাপ বাড়ছে। সামষ্টিক অর্থনীতির ভারসাম্য ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের চাপ সামাল দিতে এসব পদক্ষেপ নেওয়া হলেও এর সামাজিক মূল্য অনেক বেশি। এলপিজির লাগামহীন মূল্যবৃদ্ধি এবং পাইপলাইনের গ্যাসের তীব্র সংকটে প্রান্তিক শহর ও গ্রামীণ এলাকার নিম্নবিত্ত পরিবারগুলো সিলিন্ডার গ্যাস ব্যবহার করতে পারছে না। বাধ্য হয়ে তারা আবারও লাকড়ির চুলার দিকে ঝুঁকছে। ঘরের ভেতরে লাকড়ি, খড়কুটো ও পাতা পুড়িয়ে রান্না করায় বায়ুদূষণ ও জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে।

এখানে একটি নীতিগত বৈপরীত্যও লক্ষণীয়। আইএমএফ একদিকে জলবায়ু সহনশীলতা বাড়াতে পরিবেশবান্ধব প্রকল্পে অর্থায়ন করছে, অন্যদিকে জ্বালানি ও কৃষি খাতে ভর্তুকি হ্রাসের মতো শর্তের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়ছে। জ্বালানির মূল্যবৃদ্ধি, কৃষি উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং বিকল্প হিসেবে কাঠের জ্বালানির ব্যবহার পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ফলে স্বল্পমেয়াদি অর্থনৈতিক সংস্কারের পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিবেশগত ও সামাজিক প্রভাব বিবেচনা করা জরুরি।

বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি, ঘন ঘন ঘূর্ণিঝড়, আকস্মিক বন্যা ও নদীভাঙনে প্রতিবছর বিপুলসংখ্যক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেকেই হারাচ্ছেন বসতভিটা ও জীবিকার অবলম্বন। তাই জ্বালানি সংকট মোকাবিলায় এমন কোনো নীতি গ্রহণ করা উচিত নয়, যা দীর্ঘমেয়াদে পরিবেশ ও জনজীবনকে আরও বিপর্যস্ত করে তোলে।

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বৃদ্ধি, ভোলার গ্যাসের যথাযথ ব্যবহার, নবায়নযোগ্য জ্বালানির সমপ্রসারণ এবং শিল্পাঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা, পরিবেশ সুরক্ষা ও অর্থনৈতিক বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে। জ্বালানি সংকট কেবল বিদ্যুৎ বা গ্যাসের সমস্যা নয়; এটি দেশের শিল্প, কৃষি, কর্মসংস্থান, জনস্বাস্থ্য ও সামগ্রিক অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই সমন্বিত, বাস্তবসম্মত ও জনবান্ধব পরিকল্পনার মাধ্যমেই এ সংকটের টেকসই সমাধান সম্ভব। সংশ্লিষ্ট মহলের কাছে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই।

লেখক: প্রাবন্ধিক, সম্পাদক–শিল্পশৈলী

পূর্ববর্তী নিবন্ধমানুষ তার স্বপ্নের সমান বড়
পরবর্তী নিবন্ধমওলানা ভাসানীকে দেখার যতটুকু সৌভাগ্য হয়েছিল আমার