দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জ্বালানি তেলের কৌশলগত মজুদ সক্ষমতা দেড় গুণ বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। বিদ্যমান সরবরাহ ব্যবস্থাকে যেকোনো বৈশ্বিক অস্থিরতা ও আমদানি বিঘ্নের ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে সরকার এই উদ্যোগ নেয়। বর্তমানে দেশে ২ মাসের চাহিদা পূরণের মতো জ্বালানি তেল সংরক্ষণের সক্ষমতা থাকলেও ২০২৭ সালের মধ্যে তা ৩ মাসে উন্নীত করা হচ্ছে। এ লক্ষ্যে নতুন ডিপো ও সংরক্ষণ ট্যাংক নির্মাণ, পুরোনো অবকাঠামো সংস্কার এবং বেসরকারি প্রতিষ্ঠানের অব্যবহৃত ট্যাংক ভাড়া নেয়ার পরিকল্পনা করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।
পরিকল্পনা অনুযায়ী, আগামী ডিসেম্বরের মধ্যে মজুদ সক্ষমতা বিদ্যমান ৬০ দিন থেকে বাড়িয়ে ৭১ দিনে উন্নীত করা হবে। পরবর্তী এক বছরে আরও ১৯ দিনের সক্ষমতা যুক্ত করে ২০২৭ সালের মধ্যে ৯০ দিনের লক্ষ্যমাত্রা অর্জন করতে চায় সরকার। সূত্র জানায়, আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি, যুদ্ধ ও ভূরাজনৈতিক উত্তেজনা, সমুদ্রপথে পণ্য পরিবহনে বিঘ্ন কিংবা আমদানি নির্ভর সরবরাহ ব্যবস্থায় আকস্মিক সংকট তৈরি হলে দেশের শিল্পকারখানা, বিদ্যুৎ উৎপাদন, পরিবহন ও কৃষি খাত বড় ধরনের চাপে পড়ে। বিশেষ করে ডিজেল সরবরাহে বিঘ্ন ঘটলে পরিবহন, সেচ ও শিল্প উৎপাদনে মারাত্মক রকমের নেতিবাচক প্রভাব পড়তে শুরু করে। এ ধরনের পরিস্থিতিতে বিকল্প সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি আগাম মজুদ গড়ে তোলাকে গুরুত্বপূর্ণ মনে করছে সরকার।
সূত্র জানায়, ২০২৬ সালে দেশে সব ধরনের জ্বালানি তেলের চাহিদা ৮৪ লাখ ২৬ হাজার ৪০০ টন। এর মধ্যে সবচেয়ে বেশি চাহিদা ডিজেলের, ৪৪ লাখ ৭৩ হাজার টন। দেশের জ্বালানি খাতের মোট চাহিদার অর্ধেকেরও বেশি ডিজেল। এ জ্বালানির মাসিক গড় চাহিদা ৩ লাখ ৭২ হাজার ৭৫০ টন। এ ছাড়া বছরে ফার্নেস অয়েলের চাহিদা ৭ লাখ ৩৫ হাজার টন, জেট ফুয়েল ৬ লাখ ৬৩ হাজার টন, অকটেন ৪ লাখ ৩৯ হাজার ৯০০ টন এবং পেট্রোল ৪ লাখ ৮৮ হাজার ৫০০ টন।
এই বিপুল চাহিদার কথা মাথায় রেখে দেশের সংরক্ষণ অবকাঠামো সমপ্রসারণে একাধিক প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়ে সূত্র জানায়, বিপিসির নিয়ন্ত্রানাধীন পদ্মা অয়েল কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা অয়েলের নিজস্ব খালি জায়গায় নতুন ট্যাংক ও ডিপো নির্মাণের কাজ চলছে। এর মধ্যে পদ্মা অয়েলে ৯ হাজার ৫০০ টন ধারণক্ষমতার দুটি ট্যাংক, মেঘনা পেট্রোলিয়ামে ১০ হাজার টন ধারণক্ষমতার তিনটি ট্যাংক এবং যমুনা অয়েলে ৫৮ হাজার ৫০০ টন ধারণক্ষমতার নতুন ট্যাংক নির্মাণ করা হচ্ছে। এসব ট্যাংক নির্মাণ শেষ হলে বিপুল পরিমাণ বাড়তি জ্বালানি তেল সংরক্ষণের সুযোগ তৈরি হবে বলেও সূত্র জানিয়েছে।
অপরদিকে বিদ্যমান সক্ষমতা পুরোপুরি কাজে লাগানোর দিকেও নজর দিয়েছে বিপিসি। বন্ধ থাকা বিদ্যুৎকেন্দ্রগুলোর ৮২ হাজার ২০০ টন ধারণক্ষমতার ট্যাংক সংস্কার করে পুনরায় চালুর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ওমেরার কাছ থেকে ৩০ হাজার টন ধারণক্ষমতার মজুদ সুবিধা ভাড়ায় নেওয়ার ব্যাপারেও আলাপ চলছে। অন্যান্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অব্যবহৃত ট্যাংকও ভাড়ায় নেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে।
বিপিসির দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, দেশের জ্বালানি তেলের নিয়ন্ত্রক সংস্থা বিপিসির আওতাধীন ছয়টি কোম্পানির মোট জ্বালানি তেল সংরক্ষণ সক্ষমতা ১৫ লাখ ৪৪ হাজার ৬৬ টন। এর মধ্যে ৬৭ হাজার ৬৩২ টন ধারণক্ষমতার অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজ চলছে। বর্তমানে বিপিসির নিজস্ব ব্যবস্থাপনায় ৫৭ দিনের ডিজেল, ৪৬ দিনের অকটেন, ২৯ দিনের পেট্রোল এবং ৭৮ দিনের ফার্নেস অয়েল সংরক্ষণ করা যায়। এর বাইরে বিদ্যুৎকেন্দ্র, বাংলাদেশ রেলওয়ে ও বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনসহ (বিআরটিসি) বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের নিজস্ব ব্যবহারের জন্য ১ লাখ ৪২ হাজার ২৯৮ টন ডিজেল এবং ১ লাখ ৭৮ হাজার ৪০০ টন ফার্নেস অয়েল মজুদের সক্ষমতা রয়েছে। এসব অবকাঠামোর যথাযথ ব্যবহার এবং প্রয়োজন অনুযায়ী সমন্বয়ের মাধ্যমে জাতীয় পর্যায়ে জ্বালানি নিরাপত্তার সক্ষমতা বাড়ানোর সুযোগ রয়েছে।
উল্লেখ্য, জাতীয় জ্বালানি নীতি–১৯৯৬ অনুযায়ী দেশে ৬০ দিনের কৌশলগত জ্বালানি তেল মজুদের বিধান রয়েছে। তবে বর্তমানে অর্থনৈতিক কর্মকাণ্ড, শিল্পায়ন এবং জ্বালানির ক্রমবর্ধমান চাহিদার বাস্তবতায় এই সক্ষমতাকে ৯০ দিনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিপিসির পরিকল্পনা অনুযায়ী, নিজস্ব অবকাঠামো সমপ্রসারণের পাশাপাশি সরকারি–বেসরকারি অংশীদারত্বে সংরক্ষণ সুবিধা বাড়ানো হবে। জ্বালানি বিশেষজ্ঞদের মতে, আমদানিনির্ভর বাংলাদেশের জন্য জ্বালানি তেলের পর্যাপ্ত কৌশলগত মজুদ দেশের অর্থনৈতিক স্থিতিশীলতায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।












