চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড.মো. জিয়াউদ্দিন বলেছেন, জ্ঞান অর্জন ছাড়া বড় ধরনের সফলতা অর্জন করা সম্ভব নয়। জ্ঞান অর্জন করতে বয়সের কোনো সীমাবদ্ধতা নেই। যেকোনো বয়সে জ্ঞান অর্জন করা যায়। তোমরা মন দিয়ে পড়ালেখা করো। একদিন তোমাদের মধ্যে অনেকে দেশের সবচেয়ে বড় সরকারি কর্মকর্তা হিসেবে দেশ পরিচালনা করবে।
তিনি গত মঙ্গলবার চন্দনাইশ উপজেলার কেশুয়া উচ্চ বিদ্যালয়ের পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও এসএসসির কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সন্ধ্যার পর আপনার ছেলে কোথায় যাচ্ছে, কার সাথে মেলামেশা করছে, স্কুলের সময় ঠিক টাইমে স্কুলে যাচ্ছে কি না, স্কুলের নাম দিয়ে কোনো খারাপ ছেলের সাথে মেলামেশা করছে কি না এগুলোর প্রতি অভিভাবকদের সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো.নাসির উদ্দিন। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শিবু কান্তি চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান, উপজেলা সহকারী (ভূমি) ঝন্টু কুমার চাকমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম দিদারুল ইসলাম সিকদার, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনজুর আলম তালুকদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











