ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫–২৬ অর্থবছরের আওতায় চট্টগ্রাম মহানগরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার সকালে জেলা ক্রীড়া অফিস, চট্টগ্রামের আয়োজনে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন এই শিশুদের কোন দিকে তাদের বেশী মেধা, কোন দিকে এরা এগিয়ে যেতে চায় সেদিকে দৃষ্টি দিতে হবে। অভিভাবকদের পরামর্শে আমরা যদি তাদের সেদিকে পরিচালিত করি তাহলে আমাদের এই আয়োজন সার্থক ও সফলতা পাবে। তিনি বলেন, আমাদের সমাজে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যারা আছে তারা কালের ও সময়ের পরিবর্তনের সাথে সাথে স্ব স্ব ক্ষেত্রে জ্বলে উঠবে এমনটাই বিশ্বাস এবং প্রত্যাশা করি। পাশাপাশি সমাজে সাধারণ মানুষের মতই জীবন যাপন করে তাদের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। তিনি এইসব শিশুদের জন্য চমৎকার ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করায় জেলা ক্রীড়া অফিস, চট্টগ্রামকে ধন্যবাদ জানান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), চট্টগ্রাম মো. শরীফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার, চট্টগ্রাম আবদুল বারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব, অ্যাডহক কমিটি জেলা ক্রীড়া সংস্থা, চট্টগ্রাম মোহাম্মদ সালাহ উদ্দিন। নগরীর অটিজম শিক্ষা প্রতিষ্ঠান প্রয়াস ও প্রেরণা’র অর্ধ শতাধিক শিক্ষার্থী ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহন করেন। তাছাড়া উপস্থিত শিক্ষার্থীরা একক সংগীত, একক ও দলীয় নৃত্য পরিবেশন করে উপস্থিত অতিথিদের মুগ্ধ করেন। প্রধান অতিথি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। এই প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীরা আগামীতে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। প্রেস বিজ্ঞপ্তি।










