জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল জব্দ

| রবিবার , ১৭ মে, ২০২৬ at ১০:২১ পূর্বাহ্ণ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক জামায়াতে ইসলামী নেতার বাড়ি থেকে সরকারি চাল জব্দ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে ইমান আলী বাজার সংলগ্ন একটি বাড়ি থেকে ৯৯ বস্তা চাল জব্দ করা হয় বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান জানান। যার বাড়ি থেকে চাল জব্দ করা হয়েছে তার নাম আবদুস সামাদ। তিনি উপজেলার চরজব্বার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির। স্থানীয়রা জানান, কিছুদিন আগে আবদুস সামাদের বাড়িতে সরকারি চাল মজুদ করে রাখা হয়। চালগুলো তিনি লোকজনের কাছে অধিক মূল্যে বিক্রি করছিলেন।

বিষয়টি টের পেয়ে লোকজন সেই বাড়িতে যান। তখন তারা দেখতে পান, একটি কক্ষে সরকারি চালের বস্তা মজুদ আছে। পরে উত্তেজিত লোকজন বিষয়টি উপজেলা প্রশাসন ও চরজব্বার থানায় অবহিত করেন। দুপুরের দিকে পুলিশ ও প্রশাসনের লোকজন ঘটনাস্থলে যান। তার আগেই জামায়াত নেতা আবদুস সামাদ গা ঢাকা দেন বলে স্থানীয়দের অভিযোগ। পরে আবদুস সামাদের মোবাইলে ফোন করা হলে তিনি সাংবাদিকদের বলেন, এসব চাল তিনি রামগতির একটি মাদ্রাসা থেকে কিনেছেন। খবর বিডিনিউজের।

সুবর্ণচরের ইউএনও আকিব ওসমান বলেন, “স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ পাঠানো হয়। আবদুস সামাদের বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল পাওয়া গেছে। আপাতত চালগুলো প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি যথাযথ কাগজপত্র দেখাতে পারলে তার চাল ফেরত দেওয়া হবে, না হয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পূর্ববর্তী নিবন্ধলিটনের লড়াইয়ে প্রথম দিন শেষে স্বস্তিতে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধরোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশীদ গ্রেপ্তার