জান্তার বিরুদ্ধে মামলা, পূর্ব তিমুরের দূতকে বহিষ্কার করল মিয়ানমার

| মঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:৩৬ পূর্বাহ্ণ

পূর্ব তিমুরের কূটনৈতিক মিশনের প্রধানকে বহিষ্কার করে তাকে ৭ দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে মিয়ানমার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে সোমবার এমনটাই জানিয়েছে মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যম। খবর বিডিনিউজের।

গত মাসে একটি মানবাধিকার গোষ্ঠী মিয়ানমারের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে পূর্ব তিমুরে একটি ফৌজদারি অভিযোগ দায়ের করে, যা নিয়ে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে সোমবার নেপিদো পদক্ষেপ নিল, বলছে বার্তা সংস্থা রয়টার্স। ২০২১ সালে মিয়ানমারের সেনাবাহিনী নোবেলজয়ী অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের পর থেকেই দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে অস্থিরতা বিরাজ করছে। সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর দেশটি বেশ কিছুদিন জান্তাবিরোধী বিক্ষোভ দেখেছে, এরপর শুরু হয় দেশব্যাপী গৃহযুদ্ধ। মিয়ানমারের চিন রাজ্যের মানবাধিকার সংগঠন (সিএইচআরও) গত মাসে তিমুর লেস্তের (পূর্ব তিমুরের আনুষ্ঠানিক নাম) বিচার বিভাগের কাছে যে অভিযোগ করে তাতে বলা হয়, ২০২১ সালের অভ্যুত্থানের পর থেকেই জান্তা যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ করে যাচ্ছে। জানুয়ারিতে সিএইচআরও কর্মকর্তারা পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোসহোর্তার সঙ্গে দেখাও করেন। রামোসের হাত ধরেই গত বছর ক্যাথলিক সংখ্যাগরিষ্ঠ পূর্ব তিমুর দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সদস্য হয়। মিয়ানমারও আসিয়ানের সদস্য।

সিএইচআরওর নির্বাহী পরিচালক সালাই জা উক বলছেন, তারা এমন একটি আসিয়ান সদস্য দেশ খুঁজছিলেন যাদের স্বাধীন বিচার বিভাগ রয়েছে, পাশাপাশি যারা চিন রাজ্যের সংখ্যাগরিষ্ঠ খ্রিষ্টান জনগোষ্ঠীর ভোগান্তিকে সহানুভূতির চোখে দেখবে, সব বিবেচনায় পূর্ব তিমুরকেই অভিযোগ দায়েরের জন্য উপযুক্ত মনে হয়েছে তাদের। আসিয়ানের এক সদস্য দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে আরেক আসিয়ান সদস্য দেশের বিরোধিতাকারী একটি অবৈধ সংগঠনের সঙ্গে এ ধরনের অগঠনমূলক সম্পৃক্ততা পুরোপুরি অগ্রহণযোগ্য, মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে বলেছে রাষ্ট্রপরিচালিত গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার।

পূর্ববর্তী নিবন্ধভারতে হচ্ছে বিশ্ব এআই সম্মেলন, হাজির পিচাই-অল্টম্যান
পরবর্তী নিবন্ধহামলাকারীদের হাত থেকে বাঁচতে হালদায় ঝাঁপ, ৩দিন পর তরুণের মরদেহ উদ্ধার