কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ‘সন্ত্রাসী ও দেশবিরোধী’ কর্মকাণ্ডের প্রতিবাদে জাতীয় যুবশক্তি চট্টগ্রামের উদ্যোগে নগরে বিক্ষোভী বাইক শোডাউন করেছে। গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটায় জিইসি মোড় থেকে শোডাউনটি শুরু হয়। মুরাদপুর হয়ে প্রদক্ষিণ শেষে পুনরায় জিইসি মোড়ে এসে কর্মসূচিটি শেষ হয়। এতে জাতীয় যুবশক্তি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাতীয় ছাত্রশক্তি ও নারীশক্তির বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এসময় নেতৃবৃন্দ বলেন, অবরোধের নামে অগ্নিসংযোগ, সহিংসতা ও নৈরাজ্য করতে দেওয়া হবে না আওয়ামী লীগকে।
এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও সহিংসতা ঠেকাতে সোমবার দিবাগত রাতে নগরে লাঠি হাতে পাহারা দেয় এনসিপি নেতাকর্মীরা। বাইক শোডাউন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তি চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক বকতিয়ার হোসেন, সদস্যসচিব ইসমাইল হোসেন, সিনিয়র সংগঠক সাইফুল ইসলাম অর্ক, সিনিয়র যুগ্ম সদস্যসচিব আজিজুল হাকিম দিগন্ত, দপ্তর সম্পাদক মোহাম্মদ মাহিন এবং প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আল মোস্তানিজ জনি, জাতীয় যুবশক্তি চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক রিয়াজ উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলার আহ্বায়ক জিয়াউল করিম জিয়া, এনসিপি চট্টগ্রাম মহানগরের সদস্যসচিব আরিফ মহিউদ্দিন এবং জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সিনিয়র সাধারণ সম্পাদক খান তালাক রাফি।












