চট্টগ্রাম গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ও ব্রিটানিয়া লেবেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব জামিল আহমেদকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে। মিরপুর সেনানিবাসে অবস্থিত জাতীয় প্রতিরক্ষা কলেজ (এনডিসি) আয়োজিত মর্যাদাপূর্ণ “ক্যাপস্টোন কোর্স ২০২৬/১” কৃতিত্বের সঙ্গে সম্পন্ন করায় গত ২৫ এপ্রিল বনানী ডিওএইচএস পরিষদের “মাধবী লাউঞ্জ”-এ চট্টগ্রাম গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক অনাড়ম্বর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতীয় প্রতিরক্ষা কলেজে আয়োজিত তিন সপ্তাহব্যাপী নিবিড় কৌশলগত নেতৃত্ব প্রশিক্ষণ কার্যক্রম “ক্যাপস্টোন কোর্স ২০২৬/১”-এ অংশগ্রহণ করে জনাব জামিল আহমেদ গত ২৩ এপ্রিল সফলভাবে কোর্সটি সম্পন্ন করেন। আন্তর্জাতিক মানসম্পন্ন এই কোর্সটি নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি, কৌশলগত সচেতনতা উন্নয়ন, সমালোচনামূলক চিন্তাধারার বিকাশ, আন্তঃবিষয়ক সহযোগিতা জোরদার এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ে সমন্বিত দৃষ্টিভঙ্গি গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মাওলা প্রিন্টার্সের ব্যবস্থাপনা পরিচালক জনাব আফজাল আলম। স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল।
অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যাসোসিয়েশনের পরিচালক জনাব মো. আরিফ হোসেন, নিক্সন বক্সের ব্যবস্থাপনা পরিচালক সুলতানুল ইসলাম তারেক, এক্সপো অ্যাকসেসরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. এনামুল হক এবং চট্টগ্রাম গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও অতিরিক্ত সচিব (অব.) ড. শওকত মোস্তফা।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জাতীয় প্রতিরক্ষা কলেজের সাবেক কমান্ড্যান্ট ও জাতিসংঘ ফোর্স কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল (অব.) এ টি এম জহিরুল আলম, আরসিডিএস, পিএসসি। বক্তব্য শেষে তিনি “ক্যাপস্টোন কোর্স ২০২৬/১” সফলভাবে সম্পন্ন করায় জনাব জামিল আহমেদকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
অনুষ্ঠানে ২০২৩ সালে একই কোর্স সম্পন্নকারীদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব খোরশেদ আলম, জাহাঙ্গীর আলম, পুলক পোদ্দার, নুরুল আমিন ও মনোয়ার। এ ছাড়া তরুণ উদ্যোক্তা সালমুন মোমিন ও ফাহাদ সাদিকসহ দেশের বিভিন্ন খ্যাতিমান ব্যবসায়ী নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।














