জনগণের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছাতে সরকার বদ্ধপরিকর : ভূমি প্রতিমন্ত্রী

| সোমবার , ১৪ সেপ্টেম্বর, ২০২৬ at ৬:৫২ পূর্বাহ্ণ

ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, বর্তমান গণতান্ত্রিক, রাজনৈতিক ও নির্বাচিত সরকার মাঠ প্রশাসনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের জনগণের দোরগোড়ায় নাগরিক সেবা প্রদান নিশ্চিত করতে বদ্ধপরিকর। মাঠ প্রশাসনের সাথে যুক্ত সকল কর্মকর্তাকে আন্তরিকতার সাথে জনগণের সেবায় নিয়োজিত থাকার নির্দেশ দিয়ে ভূমি প্রতিমন্ত্রী বলেন, এই সরকারের প্রশাসন কোনোভাবেই শাসকের ভূমিকায় থাকবে না, বরং জনগণের প্রকৃত সেবক হিসেবে কাজ করবে।

ঢাকা সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে গতকাল মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বিভাগীয় কমিশনারদের সমন্বয় সভায় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার জনগণের সেবা করার লক্ষ্য নিয়ে কাজ করছে উল্লেখ করে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারদের উদ্দেশ্যে বলেন, সফলভাবে দায়িত্ব পালনের জন্য সকলকে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় ও সম্পূরকের মাধ্যমে কাজ করতে হবে।

বাংলাদেশের ১৮ কোটি মানুষ এই দেশের প্রকৃত মালিকএ কথা স্মরণ করিয়ে দিয়ে সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী মীর হেলাল আরও বলেন, আমাদের মনস্তত্ত্বে যেন সবসময় থাকে যে আমরা জনগণের সেবক। সেবার মানসিকতা ধারণ করে সকলকে ঐক্যবদ্ধভাবে একটি দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান জানান ভূমি প্রতিমন্ত্রী।

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে সভায় সকল বিভাগের বিভাগীয় কমিশনার ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএলসি ছাড়াই কেবল ক্রয়-বিক্রয় চুক্তির মাধ্যমে আনা যাবে পণ্য