ছোট ভাইকে বড় ভাইয়ের ছুরিকাঘাত, পরে হাসপাতালে আরেক ভাইকেও মারধর

অভিযুক্ত বড় ভাই আটক

লোহাগাড়া প্রতিনিধি | বুধবার , ১২ আগস্ট, ২০২৬ at ১০:৩৩ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই মো. মামুন (৩৫) গুরুতর আহত হয়েছেন। পরে আহত ভাইকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরেক ভাই মো. শাকিলকেও (৩৩) মারধর করার অভিযোগ উঠেছে বড় ভাই মো. মাসুদের (৩৮) বিরুদ্ধে। এ সময় হাসপাতালে কর্তব্যরত এক চিকিৎসকও আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রশিদের পাড়া এলাকায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে হাসপাতালের জরুরি বিভাগের ঘটনার পর অভিযুক্ত মাসুদকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

জানা গেছে, ঘটনারদিন পারিবারিক বিরোধের জেরে বসতঘরের সামনে ভাইদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বড় ভাই মাসুদ ছোট ভাই মামুনকে ছুরিকাঘাত করেন। এতে মামুন হাত ও পায়ে গুরুতর আহত হন। তাদের আরেক ভাই শাকিল আহত মামুনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের জরুরি বিভাগে নিয়ে যান। কিছুক্ষণ পর বড় ভাই মাসুদ হাসপাতালের জরুরি বিভাগে প্রবেশ করে ছোট ভাই শাকিলকে বেদম মারধর করেন। এতে হাসপাতালের ভেতর ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। ওই সময় জরুরি বিভাগে ছুরিকাঘাতে আহত ভাইসহ আরো বেশ কয়েকজন রোগী চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীরা বড় ভাই মাসুদকে থামানোর চেষ্টা করেন। এ সময় ডা. অনিক চন্দ্র আহত হন। পরে হাসপাতালের কর্মচারীরা মাসুদকে জরুরি বিভাগ থেকে বের করে একটি কক্ষে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে অভিযুক্ত মাসুদকে আটক করে থানায় নিয়ে যান।

অভিযুক্তের মা শাহিন আক্তার রিনা জানান, মাসুদ, মামুন ও শাকিল আপন ভাই এবং তারা ওই এলাকার নুরুল হকের পুত্র। ঘটনারদিন সকালে ভবনের ছাদ ঢালাইয়ের জন্য অর্থ ভাগাভাগির বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় অতর্কিতভাবে এ ঘটনা ঘটেছে। মাসুদ সম্প্রতি প্রবাস থেকে দেশে ছুটি কাটাতে এসেছে।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল ইফরান জানান, ছুরিকাঘাতে আহত মামুনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অভিযুক্ত মাসুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় লিখিতভাবে জানানো হয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মাসুদকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধরাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ যেভাবে
পরবর্তী নিবন্ধরাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সম্পাদক ও ছাত্রদল নেতাকে আটক করল ডিএমপি