মীরসরাইয়ে ছেলের বিয়ের জন্য পাত্রী দেখে ফেরার পথে সিএনজি টেক্সি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে হেলাল উদ্দিন (৫০) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার পরিবারের আরও চার সদস্য। গত শুক্রবার রাতে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের গোপীনাথপুর পাক্কার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে বারইয়ারহাট থেকে ছেলের বিয়ের জন্য পাত্রী দেখতে আবুরহাটে যান হেলাল উদ্দিন ও তার পরিবারের চার সদস্য। পাত্রী দেখে ফেরার পথে রাতে গোপীনাথপুর পাক্কার মাথা এলাকায় পৌঁছালে তার চালিত সিএনজি টেক্সিটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। এ সময় টেক্সির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন হেলাল উদ্দিন। আহত হন পরিবারের অন্য সদস্যরাও।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হেলাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত অন্য চারজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারিয়া শিল্পী জানান, দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে হেলাল উদ্দিনকে পরীক্ষা–নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করা হয়েছে। বাকি চারজনের হাতে–পায়ে আঘাত লেগেছে। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।











