ছুটে এলেন প্রবাসী বাবা, হাসপাতাল থেকে ফিরল না একমাত্র ছেলে

আনোয়ারায় গরম পানিতে দগ্ধ শিশুর মৃত্যু

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ৩ মে, ২০২৬ at ৬:০৯ পূর্বাহ্ণ

আনোয়ারায় রান্নাঘরে গরম পানিতে দগ্ধ হয়ে পাঁচ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মারা গেছে শিশু হামিম বিন হোসেন ()। গতকাল শনিবার ভোর চারটার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত হামিম উপজেলার রায়পুর ইউনিয়নের মালিপাড়া গ্রামের সৌদিপ্রবাসী মোহাম্মদ হোসেনের একমাত্র ছেলে। পরিবারটি বর্তমানে বারশত ইউনিয়নের কবিরের দোকান এলাকায় নিজেদের নবনির্মিত বাড়িতে বসবাস করছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় রান্নাঘরে চুলায় থাকা ফুটন্ত পানি অসাবধানতাবশত হামিমের শরীরে পড়ে যায়। এতে তার শরীর মারাত্মকভাবে ঝলসে যায়। তাকে উদ্ধার করে প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছিল। একমাত্র ছেলেকে বাঁচাতে এক দিন আগে সৌদি আরব থেকে দেশে ছুটে আসেন বাবা মোহাম্মদ হোসেন। কিন্তু শেষ রক্ষা আর হলো না।

হামিমের মামা মো. মহিউদ্দীন বলেন, চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে হামিম মারা যায়। গতকাল রাত ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকন্টেনার হ্যান্ডলিংয়ে এনসিটির নতুন রেকর্ড
পরবর্তী নিবন্ধজেটি ও টার্মিনাল নির্মাণের কাজ শুরু হচ্ছে আজ