কন্টেনার হ্যান্ডলিংয়ে এনসিটির নতুন রেকর্ড

একদিনে ৫,৭০৯ কন্টেনার হ্যান্ডলিং

আজাদী প্রতিবেদন | রবিবার , ৩ মে, ২০২৬ at ৬:০৮ পূর্বাহ্ণ

কন্টেনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেনার টার্মিনাল (এনসিটি)। গত বৃহস্পতিবার একদিনেই এ টার্মিনালে এযাবতকালের সর্বোচ্চ সংখ্যক কন্টেনার হ্যান্ডলিং করা হয়েছে। ওইদিন এই টার্মিনালে ৫ হাজার ৭০৯ টিইইউএস কন্টেনার হ্যান্ডলিং হয়। এর আগে ১১ এপ্রিল ৫ হাজার ৪৮৪ টিইইউএস কন্টেনার হ্যান্ডলিংয়ের রেকর্ড হয়েছিল।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, গত বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বন্দরের সবগুলো টার্মিনাল একত্রে ১০ হাজার ১৬২ টিইইউএস কন্টেনার হ্যান্ডলিং হয়েছে, যা বন্দরের সামগ্রিক সক্ষমতার বিশাল বহিঃপ্রকাশ। তিনি বলেন, দক্ষ ব্যবস্থাপনা, বন্দর ব্যবহারকারীদের আন্তরিকতা এবং শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমে এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে। এটা দেশের অর্থনীতিতে গতি সঞ্চার করবে।

দেশের প্রধান সমুদ্রবন্দরের সিংহভাগ কন্টেনার হ্যান্ডলিং হয় এনসিটিতে। গত বছর প্রতিষ্ঠানটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয় চিটাগং ড্রাইডক লিমিটেডকে। নতুন ব্যবস্থাপনায় এই টার্মিনালে কাজের গতি বেড়েছে বলে বন্দরের পক্ষ থেকে জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধস্ত্রী ও ছেলের হাতে খুন হন আলমগীর
পরবর্তী নিবন্ধছুটে এলেন প্রবাসী বাবা, হাসপাতাল থেকে ফিরল না একমাত্র ছেলে