ছুটির দিনেও শিক্ষার্থীদের বিক্ষোভ

চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবি

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ৩ অক্টোবর, ২০২৬ at ৫:২৮ পূর্বাহ্ণ

সাপ্তাহিক ছুটির দিনেও থেমে নেই চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আন্দোলনরত শিক্ষার্থীদের কর্মসূচি। অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবিতে ক্যাম্পাসে ১১ দিন ধরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করছেন তারা।

গতকাল শুক্রবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। ড. সায়েমকে উপাচার্য হিসেবে পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলনের একাদশ দিনে এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। মিছিলটি কেন্দ্রীয় মসজিদ চত্বর থেকে শুরু হয়ে স্বাধীনতা চত্বর প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহিদ মিনারের পাদদেশে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল চলাকালে শিক্ষার্থীরা ‘ভিসি হিসেবে কাকে চাই, সায়েম স্যারকেই আবার চাই’ এবং ‘মোদের দাবি একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’ সহ বিভিন্ন স্লোগানে পুরো ক্যাম্পাস মুখর করে তোলেন।

আন্দোলনরত যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী যুলকারনাইন মিহাদ বলেন, আমাদের আন্দোলনের আজ ১১তম দিন চলছে। কিন্তু এত দিনেও ঊর্ধ্বতন মহল বা প্রশাসন থেকে সুনির্দিষ্ট কোনো সাড়া মেলেনি। এর প্রতিবাদেই আজকের এই বিক্ষোভ মিছিল। তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। পাশাপাশি, অতি দ্রুত প্রশাসন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে একটি ইতিবাচক ও ফলপ্রসূ সমাধানের দাবি জানান তিনি।

একই বিভাগের আরেক শিক্ষার্থী অরিন্দম দে বলেন, প্রশাসনের দীর্ঘসূত্রিতা ও নীরবতার প্রতিবাদেই জুমার নামাজের পর শিক্ষার্থীরা রাজপথে নেমেছেন। বর্তমানে একটি চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন পার করতে হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, দেশনায়ক তারেক রহমানের কাছে আমাদের আকুল আবেদন–তিনি যেন দ্রুত এতে হস্তক্ষেপ করে সংকট নিরসন করেন, যাতে শিক্ষার্থীরা দ্রুত স্বাভাবিক একাডেমিক কার্যক্রমে ফিরে যেতে পারেন।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর থেকে চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে ‘সর্বাত্মক শাটডাউন’ কর্মসূচি পালন করে আসছে সাধারণ শিক্ষার্থীরা। এর অংশ হিসেবে এর আগে মশাল মিছিল, লাল কার্ড প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। শিক্ষার্থীদের এই টানা আন্দোলনের মুখে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত সব ধরনের একাডেমিক কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধমিয়ানমারে পাচারের জন্য মজুত, বাঁশখালীতে ৪৯৬ ব্যাগ সিমেন্ট জব্দ