দক্ষিণ আফ্রিকা সফরে আর মাঠে নামা হচ্ছে না বাংলাদেশের পেসার হাসান মাহমুদের। টেনিস এলবোতে পুরনো চোটের ব্যথা বেড়ে যাওয়ায় সফর অসমাপ্ত রেখেই দেশে ফিরতে হচ্ছে তাকে। শুধু চলমান টেস্ট সিরিজই নয়, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজেও এই পেসারকে পাওয়া যাবে না বলে জানা গেছে। আগামী রোববার সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে হাসানের। দেশে ফিরে চিকিৎসকের পরামর্শ নেবেন তিনি। চোটের অবস্থা গুরুতর হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশেও পাঠানো হতে পারে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে হাসানের শারীরিক অস্বস্তি চোখে পড়ে। ম্যাচ চলাকালে একাধিকবার ফিজিওর শরণাপন্ন হতে হয় তাকে। এমনকি একপর্যায়ে মাঠও ছাড়তে হয়েছিল এই পেসারকে। প্রথমে কপালে বলের আঘাত পেলেও পরবর্তী সময়ে মূল সমস্যা হয়ে দাঁড়ায় তার পুরনো টেনিস এলবো চোট। এই কারণে দ্বিতীয় টেস্টে তার খেলা নিয়ে আগে থেকেই শঙ্কা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত শুধু টেস্ট নয়, পুরো দক্ষিণ আফ্রিকা সফর থেকেই ছিটকে গেলেন তিনি। বাংলাদেশের বোলিং আক্রমণে হাসান মাহমুদ গুরুত্বপূর্ণ সদস্য। নতুন বলে সুইং এবং গতির পাশাপাশি ডেথ ওভারে কার্যকর বোলিংয়ের সামর্থ্য রয়েছে তার। সামপ্রতিক সময়ে জাতীয় দলের হয়ে তিন সংস্করণেই নিয়মিত খেলেছেন এই পেসার। ফলে দক্ষিণ আফ্রিকা সফরের বাকি অংশে তার অনুপস্থিতি বাংলাদেশের বোলিং পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের চলমান টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে জোহানেসবার্গে। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার কথা আগামী ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে। এরপর ডিসেম্বরের শুরুতে দুই দলের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। চোটের কারণে সাদা বলের সিরিজ থেকেও ছিটকে যাওয়ায় হাসানকে ছাড়াই পরবর্তী ম্যাচগুলোর পরিকল্পনা সাজাতে হবে বাংলাদেশ দলকে।










