চুরির অভিযোগে মারধর, মৃত্যুর পর লাশ ফেলে দেয় জঙ্গলে

চান্দগাঁওয়ে ঘটনা, মরদেহ উদ্ধার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৭ অক্টোবর, ২০২৬ at ৬:০৬ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁওয়ে চুরির অভিযোগে মো. হাসান (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনা ঘটে গত রোববার রাতে। গতকাল সোমবার সকালে চান্দগাঁওয়ের ৫ নং মোহরা ওয়ার্ডের সিঅ্যান্ডবি আট গাছতলা এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত হাসানের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলায়। তার বাবার নাম মৃত শাহ আলম। তিনি চান্দগাঁও থানার মোহরা এলাকায় ভবঘুরে জীবনযাপন করতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি সিএনজি টেঙির গ্যারেজে চুরির অভিযোগে অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি হাসানকে রোববার রাতে ধরে নিয়ে যায়। পরে তাকে মারধর করা হয়। একপর্যায়ে তার মৃত্যু হলে মরদেহ গোপন করার উদ্দেশ্যে জঙ্গলে ফেলে রাখা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

গতকাল সকালে জঙ্গলে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে চান্দগাঁও থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, স্থানীয়দের কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে, চুরির অভিযোগে ওই যুবককে ধরে নিয়ে মারধর করা হয়েছিল। কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা শনাক্ত করতে তদন্ত চলছে। তিনি জানান, নিহতের ভাই বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে চুরির দায়ে যুবককে পিটিয়ে হত্যা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আরো দু্‌ই শিশুর মৃত্যু