চসিক সবসময় নগরবাসীর পাশে রয়েছে

দক্ষিণ পতেঙ্গায় ত্রাণ বিতরণে মেয়র

| সোমবার , ১৩ জুলাই, ২০২৬ at ১১:০৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগরীর ৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডে ভারী বর্ষণ ও জোয়ারের কারণে পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

গত শনিবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে তিনি পানিবন্দি পরিবারগুলোর মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় মেয়র স্থানীয় বাসিন্দাদের খোঁজখবর নেন, তাদের দুর্ভোগের কথা শোনেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

ত্রাণ বিতরণকালে বলেন, দুর্যোগের এই সময়ে কোনো নাগরিককে একা রাখা হবে না। চসিক সবসময় নগরবাসীর পাশে রয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের ক্ষতিগ্রস্ত এলাকায় নিয়মিত তদারকি, প্রয়োজনীয় ত্রাণ সহায়তা নিশ্চিত করা এবং জলাবদ্ধতাপরবর্তী পুনর্বাসন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দেন। একই সঙ্গে ভবিষ্যতে জলাবদ্ধতার দুর্ভোগ কমাতে চলমান কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। ত্রাণ বিতরণ ও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পতেঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি ও ৪১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুল আবছার, ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্‌বায়ক নাজমুল হুদা নাজিম, সদস্য সচিব আলী আজম, সাবেক সহসভাপতি জসিম উদ্দিন মিলকি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও চসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবন্যাদুর্গতদের পাশে গাউসিয়া কমিটি বাংলাদেশ
পরবর্তী নিবন্ধডেইল পাড়া এলাকায় পানিবন্দি মানুষের মাঝে যুবদলের শুকনা খাবার বিতরণ