চলন্ত শাটলে ঢিল, রক্তাক্ত চবি ছাত্রী অজ্ঞান

চবি প্রতিনিধি | বুধবার , ৬ মে, ২০২৬ at ৬:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে বাইরে থেকে ছোড়া পাথরের আঘাতে এক ছাত্রী গুরুতর আহত হয়েছেন। পাথরের আঘাতে কপাল কেটে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় চলন্ত ট্রেনেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। গতকাল মঙ্গলবার বিকেলে ক্যাম্পাসগামী ৫টার শাটল ট্রেনটি ক্যান্টনমেন্ট এলাকা অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে।

আহত ওই শিক্ষার্থীর নাম ইসরাত ফাতেমা। তিনি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের ২০২২২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও সহপাঠীদের সূত্রে জানা যায়, ট্রেনটি ক্যান্টনমেন্ট এলাকা পার হওয়ার সময় হঠাৎ বাইরে থেকে একটি পাথর ছোড়া হয়। পাথরটি সরাসরি ইসরাতের কপালে লাগলে তিনি রক্তাক্ত হন। ট্রেনটি ফতেয়াবাদ স্টেশনের কাছাকাছি পৌঁছালে যন্ত্রণায় ও অতিরিক্ত রক্তক্ষরণে তিনি অচেতন হয়ে পড়েন। সহযাত্রীরা তাকে প্রাথমিক সেবা দিয়ে ট্রেন থেকে নামিয়ে দ্রুত বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান।

আহত শিক্ষার্থীর সহপাঠী মুনমুন বলেন, ক্যান্টনমেন্ট পার হওয়ার পর পরিত্যক্ত কিছু মাঠে ছেলেরা খেলাধুলা করে। ট্রেন আসার পর সেখান থেকেই পাথর ছোড়া হয়। পাথরের আঘাতে ওর মাথা কেটে যায় এবং ফতেয়াবাদ আসার পর সে অজ্ঞান হয়ে পড়ে। পরে আমরা ওকে চবি মেডিকেলে নিয়ে আসি। চবি মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা ইয়াসমিন বলেন, তাকে আহত অবস্থায় এখানে নিয়ে আসা হয়। অতিরিক্ত রক্তক্ষরণ ও ব্যথায় কান্না করছিলেন তিনি। ক্ষতস্থানে একটি সেলাই লেগেছে এবং ২৪ ঘণ্টা হোম অবজারভেশনে থাকার জন্য বলা হয়েছে।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, শাটল ট্রেনে যাতায়াতের সময় প্রায়ই এ ধরনের ঝুঁকিপূর্ণ ঘটনার সম্মুখীন হতে হয় তাদের। বিষয়টি একাধিকবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধইপিজেডে ২২শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধরেলের অগ্রিম টিকিট বিক্রি ১৩ মে থেকে