লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের গাবতলী এলাকার পূর্ব পাশে টংকাবতী খালের চর কেটে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। অপরিকল্পিতভাবে খালের চর কেটে বালু উত্তোলনের কারণে আশপাশের কৃষিজমি, বাঁধ, বসতবাড়ি ও একটি ব্রিজ ঝুঁকির মুখে পড়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কলাউজান ইউনিয়নের পূর্ব কলাউজান গাবতলী এলাকার ওপর দিয়ে প্রবাহিত টংকাবতী খাল স্থানীয় জনজীবন, কৃষিকাজ ও পানি নিষ্কাশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে এলাকার কৃষিজমিতে পানি সরবরাহ এবং বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি নিষ্কাশনে ভূমিকা রেখে আসছে খালটি। কিন্তু খালের চর কেটে বালু উত্তোলনের ফলে এর স্বাভাবিক গঠন ও পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
খালের চর কেটে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে খালের তীর ও আশপাশের মাটি দুর্বল হয়ে পড়তে পারে। এতে পার্শ্ববর্তী কৃষিজমি ভাঙনের ঝুঁকিতে পড়বে। বিশেষ করে বর্ষা মৌসুমে পানির প্রবল স্রোতে খালের পাড় ভেঙে ফসলি জমি, বাঁধ ও বসতবাড়ির ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া খালের ওপর নির্মিত ব্রিজটির নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের দাবি, ব্রিজের আশপাশ থেকে বালু উত্তোলন করা হলে এর ভিত্তি ও সংযোগ সড়কের স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হতে পারে। ফলে ব্রিজটি ঝুঁকির মুখে পড়ার পাশাপাশি স্থানীয় মানুষের চলাচলেও বিঘ্ন ঘটতে পারে।
গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, টংকাবতী খালের যে স্থান থেকে বালু উত্তোলন করা হচ্ছে, তার পাশেই রয়েছে কৃষকদের ক্ষেত। বালু উত্তোলনের স্থান থেকে মাত্র ৫০ মিটার দূরত্বে রয়েছে খালের ভাঙনকবলিত পাড়ে প্রায় এক বছর আগে নির্মিত বেড়িবাঁধ। অন্যদিকে, ওই স্থান থেকে প্রায় ১৫০ মিটার দূরত্বে সমপ্রতি উদ্বোধন হওয়া ৫ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি নতুন ব্রিজ।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কৃষক জানান, খালের চর কেটে এভাবে নির্বিচারে বালু উত্তোলন অব্যাহত থাকলে তাদের ফসলি জমি মারাত্মক ক্ষতির মুখে পড়বে। খালের পাড় ভেঙে গেলে জমির মাটি ধসে পড়ার পাশাপাশি আবাদি জমির পরিমাণও কমে যাবে। এতে তাদের জীবিকা ও কৃষিকাজ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। কষ্ট করে চাষাবাদ করে ফসল ফলান তারা। কিন্তু বালু উত্তোলনের কারণে যদি জমি নষ্ট হয়ে যায়, তাহলে পরিবার–পরিজন নিয়ে বিপাকে পড়তে হবে। তাই কৃষিজমি ও তাদের জীবিকা রক্ষায় অবিলম্বে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এদিকে খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে গত ২৪ নভেম্বর মো. এহছান উদ্দিন নামে এক ব্যক্তি লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে এলাকার পরিবেশ ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তার অভিযোগ, বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় তাকে হুমকির মুখে পড়তে হচ্ছে। এ অবস্থায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজীদ বিন আখন্দ জানান, টংকাবতী খাল থেকে বালু উত্তোলনের বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। খালের স্বাভাবিক পরিবেশ, কৃষিজমি, বেড়িবাঁধ ও ব্রিজের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। তদন্ত সাপেক্ষে বালু উত্তোলনে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।










