চমেক ভেনম রিসার্চ সেন্টার পরিদর্শনে জার্মান রাষ্ট্রদূত

আজাদী প্রতিবেদন

| শনিবার , ১৬ মে, ২০২৬ at ৭:৩৯ পূর্বাহ্ণ

বাংলাদেশে সর্পদংশনে সৃষ্ট জনস্বাস্থ্য ঝুঁকি মোকাবিলা, গবেষণা সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লৎস সম্প্রতি চট্টগ্রাম মেডিকেল কলেজে অবস্থিত ভেনম রিসার্চ সেন্টার ও বাংলাদেশ ন্যাশনাল পয়জন ইনফরমেশন সেন্টার পরিদর্শন করেছেন। এ সময় চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ জসিম উদ্দিন ও চমেক হাসপাতালের পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন তাকে স্বাগত জানান।

পরিদর্শনকালে রাষ্ট্রদূত ভেনম রিসার্চ সেন্টারের চলমান গবেষণা কার্যক্রম, সাপের লালনপালন, বিষ সংগ্রহ ও সংরক্ষণ পদ্ধতি, অ্যান্টিভেনম উন্নয়ন কার্যক্রম সংক্রান্ত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে অবহিত হন। রাষ্ট্রদূত গবেষণা কার্যক্রমে গভীর আগ্রহ প্রকাশ করেন এবং জনস্বাস্থ্য ও বৈজ্ঞানিক গবেষণায় ভেনম রিসার্চ সেন্টারের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন। তিনি তার মন্তব্যে বলেন, ভেনম রিসার্চ সেন্টার পরিদর্শন করে আমি অত্যন্ত আনন্দিত। এটি ছিল অত্যন্ত তথ্যবহুল ও অন্তর্দৃষ্টিপূর্ণ একটি পরিদর্শন। বাংলাদেশে অসংখ্য মানুষের জীবন রক্ষায় আপনারা যে গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছেন, তা যেন ভবিষ্যতেও সফলভাবে অব্যাহত থাকে এই শুভ কামনা রইল।

পরবর্তীতে তিনি বাংলাদেশ ন্যাশনাল পয়জন ইনফরমেশন সেন্টার পরিদর্শন করেন এবং কেন্দ্রটির কার্যক্রম সম্পর্কে অবহিত হন। সফরসঙ্গী হিসেবে এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের জার্মান কনস্যুলার মির্জা শাকির ইস্পাহানি এবং সংস্কৃতি বিষয়ক কর্মকর্তা সৈয়দা জারিন রাফা। এ সময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. এম.এ ফয়েজ, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আব্দুস সাত্তার, ভেনম রিসার্চ সেন্টারের মুখ্য গবেষক অধ্যাপক ডা. অনিরুদ্ধ ঘোষ, সহগবেষক ডা. আব্দুল্লাহ আবু সাঈদসহ কেন্দ্রের অন্যান্য গবেষকবৃন্দ। পরিদর্শন শেষে ভেনম রিসার্চ সেন্টারের পক্ষ থেকে রাষ্ট্রদূতের হাতে স্মারক উপহার তুলে দেওয়া হয় এবং কেন্দ্রটির গবেষণা কার্যক্রমের ধারাবাহিক সফলতা কামনা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম জেলার মানববন্ধন
পরবর্তী নিবন্ধআবু জাফর মুহাম্মদ ওবায়দুল্লাহ ছিলেন জ্ঞানের বিশাল ভান্ডার