চবির বিজ্ঞানভিত্তিক সংগঠন চিটাগং ইউনিভার্সিটি সায়েন্টিফিক সোসাইটির (সিইউএসএস) নতুন নেতৃত্বকে সংবর্ধনা এবং বিদায়ী কমিটিকে সম্মাননা প্রদান ‘পাসিং দ্য টর্চ: ওয়েলকামিং দ্য নিউ অ্যান্ড অনারিং দ্য লেগ্যাসি’ শীর্ষক অনুষ্ঠান গতকাল সোমবার কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপ–উপাচার্য (একাডেমিক) ও রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল–আমীন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম। প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের এমন বিজ্ঞানভিত্তিক উদ্যোগ আমাকে অত্যন্ত অনুপ্রাণিত করে। চবি সায়েন্টিফিক সোসাইটির কার্যক্রমে আমি শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চার প্রতি আগ্রহ, সৃজনশীলতা এবং উদ্ভাবনী চিন্তার প্রতিফলন দেখতে পাই। বিশ্ববিদ্যালয়ে গবেষণামুখী পরিবেশ গড়ে তুলতে এ ধরনের সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম বলেন, বর্তমান বিশ্বে জ্ঞানভিত্তিক সমাজ গঠনের জন্য গবেষণা ও বৈজ্ঞানিক চর্চার কোনো বিকল্প নেই। সিইউএসএসের সদস্যদের বিভিন্ন গবেষণা ও একাডেমিক কার্যক্রম আমাকে মুগ্ধ করেছে। শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের শিক্ষার পাশাপাশি বাস্তবধর্মী জ্ঞান অর্জনের যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তা প্রশংসার দাবি রাখে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় এমন ইতিবাচক উদ্যোগকে উৎসাহিত করবে। বক্তব্য রাখেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সভাপতি প্রফেসর ড. লায়লা খালেদা আঁখি। এছাড়া বিদায়ী এবং নতুন কমিটির সদস্যরা বক্তব্য রাখেন এবং সংগঠনের নানা বিষয় তুলে ধরেন। সমাপনী বক্তব্য রাখেন সিইউএসএসের সভাপতি প্রতীক দত্ত। স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক রুবাইয়া ইয়াসমিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাইসারা জাহান ও সীমা পালিত। প্রেস বিজ্ঞপ্তি ।










