চবি গণিত বিভাগের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আশরাফুল ইসলামের ইন্তেকাল

| বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ at ৭:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গণিত বিভাগের সাবেক চেয়ারম্যান ও চবি গণিত অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আশরাফুল ইসলাম বুধবার বিকাল ৩ টায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্‌ফোরকান, উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপউপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। পৃথক এক বিবৃতিতে চবি গণিত অ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রেজাউল করিম স্বপন শোক প্রকাশ করেছেন।

শোক বার্তায় বলা হয়, প্রফেসর ড. মোহাম্মদ আশরাফুল ইসলাম চবি গণিত বিভাগের একজন বরিষ্ঠ শিক্ষক ছিলেন। তিনি একজন নিষ্ঠাবান শিক্ষাবিদ ও গবেষক হিসেবে সর্বমহলে প্রশংসিত ছিলেন। তাঁর অবদান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ সবাই চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।

পূর্ববর্তী নিবন্ধএ আর খান
পরবর্তী নিবন্ধবাংলাদেশি কমিউনিটি লিডার নির্বাচিত হলেন মীরসরাইয়ের আরিফুর রহমান মহিন