চন্দনাইশে স্বামীর মারধরে রুনা আকতার (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী মো. জাকির হোসেন প্রকাশ নুরুল হককে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার বরমা ইউনিয়নের চরবরমা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, বরমা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কেশুয়া নয়াপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মো. জাকির হোসেন ২ বছর পূর্বে দ্বিতীয় স্ত্রী হিসেবে একই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পশ্চিম বাইনজুরি এলাকার জামাল উদ্দিনের মেয়ে রুনা আকতারকে বিয়ে করেন। এরপর থেকে তারা বরমা গুচ্ছগ্রামে বসবাস করে আসছিলেন। তাদের ১১ মাস বয়সী একটি সন্তান রয়েছে। কিন্তু বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয় এবং প্রায় সময় ঝগড়াঝাটি হলে স্ত্রীকে মারধর করতেন।
ঘটনার দিন বৃহস্পতিবার রাতেও পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে জাকির ক্ষিপ্ত হয়ে স্ত্রী রুনাকে মারধর করেন। এ সময় রুনা জ্ঞান হারিয়ে অচেতন হয়ে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয় এক পল্লী চিকিৎসক পরীক্ষা–নিরীক্ষার পর রুনাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে চন্দনাইশ থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে। এ সময় পুলিশ নিহতের স্বামী জাকিরকে গ্রেপ্তার করে।
চন্দনাইশ থানার ওসি এস. এম. দিদারুল ইসলাম সিকদার জানান, নিহত গৃহবধূ রুনার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত স্বামী জাকিরকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি পুলিশের নিকট ঘটনার সত্যতা স্বীকার করেছে। এ ঘটনায় নিহতের পিতা জামাল উদ্দীন বাদী হয়ে জাকিরকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত জাকিরকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।












