চন্দনাইশে বিপুল পরিমাণ চোলাই মদসহ হিজড়া নেত্রী মৌসুমী হামিদ ও তার দুই শিষ্যকে আটক করেছে পুলিশ। এসময় মদ পরিবহনের কাজে ব্যবহত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়। গতকাল দুপুর ২টার দিকে উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের বান্দরবান সদর উপজেলার সীমান্তবর্তী চেমীরমুখ এলাকা থেকে তাদের আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর দেড়টার দিকে বান্দরবান এলাকা থেকে দেশীয় চোলাই মদ নিয়ে যাওয়ার সময় তাদের বহনকারী একটি সিএনজিচালিত অটোরিকশা আটক করেন স্থানীয় লোকজন। এ সময় অটোরিকশার চালক পালিয়ে গেলেও সিএনজিত ৪২ লিটার চোলাই মদ পাওয়া যায়। এসময় হিজড়া নেত্রী মৌসুমী হামিদ, পেঁচানি হিজড়া ও মিতু হিজড়া প্রকাশ লম্বানিকে আটক করা হয়। আটককৃত মৌসুমী হামিদ সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হলুদিয়া এলাকার বাসিন্দা। অপর দুজন তার শিষ্য। খবর পেয়ে ধোপাছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) কাঞ্চন কুমার সিংহের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে গ্রেপ্তার করে। পরে তাদের কাছ থেকে উদ্ধার করা মদ ও অটোরিকশাসহ পুলিশ তদন্ত কেন্দ্রে নেওয়া হয়। অটোরিকশাটির মালিক মৌসুমী হিজড়া নিজেই বলে জানা গেছে। তিনি জানান, গ্রেপ্তারকৃত তিনজনকে উদ্ধার করা মালামালসহ চন্দনাইশ থানায় পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হবে।












