চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার বাগিচাহাট শিকারীর টেক এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মো. জাবেদ (৩২)। তিনি উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড হাজিপাড়া এলাকার মৃত রফিক আহমদের ছেলে। জাবেদ খানহাট বীজ ভান্ডারের স্বত্বাধিকারী এবং ইউনাইটেড সীড কোম্পানিতে কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মহাসড়কের শিকারীর টেক এলাকায় কক্সবাজারমুখী হানিফ পরিবহনের একটি দ্রুতগতির বাস সামনের একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করতে গিয়ে বিপরীতমুখী জাবেদের মোটরসাইকেলটিকে সরাসরি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ঘাতক বাসটি ভাঙচুর করে। খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ ঘাতক বাস ও ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে গেলেও চালক ও হেলপার পলাতক রয়েছে। দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহ উদ্দীন চৌধুরী জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।











